নীলফামারীতে ছুটিতে এসে সড়কে গেল সেনা সদস্যের প্রাণ
স্বজনদের বরাতে পুলিশ জানায়, ১৫ দিনের ছুটিতে গত শনিবার তিনি নিজ বাড়িতে আসেন।
নীলফামারীতে ছুটিতে থাকা এক সেনা সদস্য ট্রাক্টর চাপায় নিহত হয়েছেন।
সোমবার দুপুরে নীলফামারী সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের রামকলা এলাকায় এ ঘটনা ঘটে বলে সদর থানার পরিদর্শক আব্দুর রউপ জানান।
নিহত মহিদুল ইসলাম (২৬) ওই এলাকার আব্দুস সাত্তারের ছেলে। তিনি যশোর সেনানিবাসে কর্মরত ছিলেন। ১৫ দিনের ছুটিতে গত শনিবার নিজ বাড়িতে আসেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নীলফামারী সদর থানার এসআই মো. আরমান হোসেন জানান, মহিদুল ইসলাম মোটরসাইকেলে বাড়ি থেকে পাশের জেলা দিনাজপুরের খানসামা উপজেলার ভুল্লি বাজারের দিকে যাচ্ছিলেন। পথে একটি ভুট্টাবোঝাই ট্রাক্টরকে অতিক্রম করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে তিনি সড়কে পড়ে যান। এ সময় ওই ট্রাক্টরের চাকায় তিনি পিষ্ট হন। পরে স্থানীয়রা উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতলে নেওয়ার পথে তিনি মারা যান।
ওই হাসপাতালের চিকিৎসক মো. জুলফিকার আলী বলেন, “দুপুর সোয়া ১টার দিকে ওই সেনা সদস্যকে হাসপাতালে আনা হয়। তবে আগেই তার মৃত্যু হয়।”
নিহত সেনা সদস্যের প্রতিবেশী সিরাজ উদ্দিন জানান, তার মাকে আনতে পাশের জেলা দিনাজপুরের খানসামায় যাচ্ছিলেন মহিদুল ইসলাম।
পরিদর্শক আব্দুর রউপ আরও বলেন, “ট্রাক্টরটি পুলিশ হেফাজতে আছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”
