সিলেটে একসঙ্গে চার সন্তানের জন্ম দিলেন মমতা
মমতার শারীরিক জটিলতা দেখা দেওয়ায় ৩০ সপ্তাহে অস্ত্রোপচার করতে হয়েছে বলে জানান পরিচালক।
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন মমতা দেবী।
শুক্রবার সকালে অস্ত্রোপচারের মাধ্যমে মমতার চার সন্তান পৃথিবীর আলো দেখে বলে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূঁইয়া জানান।
নবজাতকদের মধ্যে দুজন ছেলে ও দুজন মেয়ে। তবে তাদের ওজন এক কেজির কম-বেশি। তাদের ইনকিউবিটরে রাখা হয়েছে।
মমতার শারীরিক জটিলতা দেখা দেওয়ায় ৩০ সপ্তাহে অস্ত্রোপচার করতে হয়েছে বলে জানান পরিচালক।
মমতা দেবী (২৭) সুনামগঞ্জের দিরাই উপজেলার মজলিসপুর গ্রামের সত্যরঞ্জন দেবনাথের স্ত্রী। এই দম্পতির পাঁচ বছরের এক কন্যাসন্তান রয়েছে।
সত্যরঞ্জন বলেন, চার বাচ্চা ও তাদের মা সুস্থ আছেন। মমতাকে বৃহস্পতিবার বিকালে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৫ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেসবুক লিংক]
