গোপালগঞ্জে মাইক্রোর ধাক্কায় বাইক আরোহী ইমাম নিহত
তিনি ফুকরা সরদারপাড়া নতুন জামে মসজিদে ইমামতি করতেন।
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন।
সোমবার সকাল সোয়া ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে উপজেলার চাপ্তা মাদ্রাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে ভাটিয়াপাড়া হাইওয়ে থানার এসআই সিরাজুল ইসলাম জানান।
নিহত হাফেজ হেদায়েত উল্লাহ (২০) উপজেলার ডোমরাকান্দি গ্রামের এনায়েত উল্লাহর ছেলে। তিনি ওই উপজেলার ফুকরা সরদারপাড়া নতুন জামে মসজিদে ইমামতি করতেন।
এসআই সিরাজুল ইসলাম বলেন, সকালে হেদায়েত উল্লাহ মোটরসাইকেলে করে উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন। মাইক্রোবাসটি তার মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে রাস্তার ওপর ছিটকে পড়ে তিনি ঘটনাস্থলেই নিহত হন।
মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান এসআই।
