টাঙ্গাইলে সালমানকে আত্মহত্যায় প্ররোচণাকারীদের শাস্তি চায় সহপাঠীরা
স্থানীয় মাতব্বররা সালমানকে কয়েক ঘণ্টা আটকে রেখে অকথ্য ভাষায় গালিগালাজ ও শারীরিকভাবে নির্যাতন করেন
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় এসএসসি পরীক্ষার্থী ডি এম সালমানকে আত্মহত্যায় প্ররোচণাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
উপজেলার বানাইল ইউনিয়নের গল্লিতে রোববার বেলা সাড়ে ১২টার দিকে সালমানের নিজ শিক্ষা প্রতিষ্ঠান জনতা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিদ্যালয় চত্বর ও পাকুল্যা-লাউহাটি সড়কে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।
এ বছর এসএসসি পরীক্ষার্থী সালমান উপজেলার আজগানা ইউনিয়নের কুড়াতলী গ্রামের শামসুল দেওয়ানের ছেলে। সে তার মাসহ উপজেলার জামুর্কী ইউনিয়নের চুকুরিয়া গ্রামে মামার বাড়িতে থেকে লেখাপাড়া করত।
বৃহস্পতিবার সকালে ইঁদুর মারার বিষ পান করার পর চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে সালমানের মৃত্যু হয়।
রোববার সকাল থেকেই বিদ্যালয়ের কয়েকশ শিক্ষার্থী বিদ্যালয় চত্বরে সমবেত হতে থাকে। পরে বেলা সাড়ে ১২টায় দিকে তারা আত্মহত্যায় প্ররোচণাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি পাকুল্যা-লাউহাটি সড়কের গল্লি বাজার প্রদক্ষিণ করে বিদ্যালয় চত্বরে গিয়ে সমাবেশ করে।
সমাবেশে ব্ক্তব্য দেন সালমানের মামাতো ভাই জামুর্কী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক উজ্জল হোসেন খান, সালমানের সহপাঠী রবিন, সজিব ও শৈশব।
বক্তারা বলেন, সালমানের আত্মহত্যার প্ররোচণাকারীরা এলাকার কথিত মাতব্বর। একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তারা সালমানকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। এই প্ররোচণাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
জানা যায়, সপ্তাহ খানেক আগে সালমানের বন্ধু চুকুরিয়া গ্রামের আলামীন একই এলাকার শফিকের দোকানে তাকে সঙ্গে নিয়ে বিকাশের মাধ্যমে কিছু টাকা লেনদেন করে। আলামীন পরে টাকা দেওয়ার কথা বলে গা ঢাকা দেয়।
এর জের ধরে গত ৩১ আগস্ট বুধবার সকালে শফিক সালমানকে ডেকে তার কাছে টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে বিকালে সালমানকে এলাকার মাতব্বর সেকেন্দার সিকদারের বাড়িতে নিয়ে যায় শফিক। সেখানে সেকেন্দার, সাইফুল, লতিফ, শফিক এবং মুক্তার সালমানকে কয়েক ঘণ্টা আটকে রেখে অকথ্য ভাষায় গালিগালাজ ও শারীরিকভাবে নির্যাতন করে।
পরে রাতে সালমান ওই এলাকার মামুন তালুকদার নামে এক ব্যক্তিকে মুঠোফোনে কল করলে তিনি তাকে উদ্ধার করেন। এ সময় নির্যাতনকারীরা সালমানের মুঠোফোনটি রেখে দেয়।
এর জের ধরে বৃহস্পতিবার সকাল ৬টার দিকে সালমান বাড়ি ফিরে ইঁদুরের বিষপান করে। তাকে প্রথমে জামুর্কীস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শুক্রবার রাতে সে মারা যায়। খবর পেয়ে মির্জাপুর থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
