মানিকগঞ্জে দুই সড়কে কাজ বন্ধ থাকায় ভোগান্তি
ইটসহ সড়ক তৈরির মালামালের দাম বেড়ে যাওয়ায় কাজ শেষ করতে দেরি হচ্ছে বলে ঠিকাদারের দাবি।
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার দুটি সড়কের কাজ শুরুর দুই বছর পার হলেও শেষ হয়নি। একটি সড়কে ইটের খোয়া ফেলে কাজ করা হয়েছে; আরেক সড়কে বালু ফেলে রাখায় চলাচলে ভোগান্তিতে রয়েছে এলাকার লোকজন ও স্কুলগামী শিক্ষার্থীরা।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী, হরিরামপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের গোপীনাথপুর মধ্য পাড়া থেকে ভাটিপাড়া বাজার রোড পর্যন্ত ১ হাজার ৬৩৫ মিটার এবং বয়ড়া ইউনিয়নের কান্ঠাপাড়া বাজার থেকে যাত্রাপুর হাইস্কুল রোড পর্যন্ত ১ হাজার ২৩০ মিটার দুটি সড়ক প্যাকেজে ২ কোটি ৩৪ লাখ টাকার কাজ পায় ‘এএমকে ইঞ্জিনারিং অ্যান্ড ডিজাইন’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।
২০২০ সালের ১১ মে কাজ শুরু হয়ে ২০২১ সালের ১৪ জুনের মধ্যে কাজ শেষ করা কথা থাকলেও শেষ করতে পারেননি প্রতিষ্ঠানটি। পরে প্রকল্প পরিচালক ২০২২ সালের ২২ জুন পর্যন্ত কাজের সময়সীমা বৃদ্ধি করে। কিন্তু সময় বৃদ্ধি করেও দুটো সড়কের কাজ শেষ করতে পারেনি ঠিকাদার।
স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের হরিরামপুর উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দীর্ঘদিন আগে কাজ শুরু হলেও ইট ও মালামালের দাম বেড়ে যাওয়ায় কাজটা শেষ করতে দেরি হচ্ছে বলে ঠিকাদার জানিয়েছে। গোপীনাথপুরের সড়কের কাজ শেষ পর্যায়ে রয়েছে। যাত্রাপুরের রাস্তার কাজ দ্রুত শেষ করতে ঠিকাদারকে বলা হয়েছে।”
সরেজমিনে দেখা গেছে, গোপীনাথপুর মধ্যপাড়া থেকে ভাটিপাড়া সড়কে খোয়া ফেলার কাজ শেষ হয়েছে কেবল। আর কান্ঠাপাড়া বাজার থেকে যাত্রাপুর সড়কে শুধু বালু ফেলা হয়েছে। এতে যাত্রাপুর হাইস্কুলের শিক্ষার্থীদের স্কুলে যাতায়াতে ভোগান্তি হচ্ছে। ওই এলাকার লোকজন বড় কোনো মালামাল আনা নেওয়া করতে পারছেন না।
বৃষ্টির পানিতে বীর মুক্তিযোদ্ধা মঈনুল হোসেন খানের বাড়ির সামনে সড়কে বড় গর্ত তৈরি হয়েছে।
কান্ঠাপাড়া বাজারের ব্যবসায়ী রফিক মিয়া বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকমকে বলেন, “বালু ফেলে রাখায় রিকশা ও ইজিবাইকের চাকা তাতে আটকে যায়। ফলে নিত্য প্রয়োজনীয় মালামাল আনা নেওয়া করতে সমস্যা হচ্ছে।”
বয়ড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মো. মিরাজ মিয়া বলেন, “সড়কের কাজ শেষ করতে ঠিকাদার বায়েজিদ মিয়ার সঙ্গে নিয়মিত ফোনে যোগাযোগ করছি। তিনি দ্রুত কাজ শেষ করবেন বলে জানিয়েছেন।”
বয়ড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফরিদুর রহমান ফরিদ বলেন, “সড়কটির কাজ শেষ না হওয়ায় এলাকাবাসীর ভোগান্তি হচ্ছে। কাজটি দ্রুত শেষ করার জন্য ঠিকাদারের সঙ্গে কথা বলেছি।”
গোপীনাথপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মোল্লা লাভলু বলেন, “আমি আমার এলাকার সড়কের বিষয়ে ঠিকাদারের সঙ্গে কথা বলেছি, দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ হবে বলে তিনি জানিয়েছেন।”
এ বিষয়ে এএমকে ইঞ্জিনারিং অ্যান্ড ডিজাইন এর ঠিকাদার মো. বায়েজিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কাজটা আগের নেওয়া তাই মালামাল দামও আগের ধরা। এখন ইটসহ সকল মালামালের মূল্য অনেক বেড়েছে। আশা করেছিলাম, ৪০ লাখ টাকা পেলে প্যাকেজের দুটো কাজ শেষ দ্রুত শেষ করতে পারবো।
“তবে বিল পেয়েছি ১২ লাখ টাকা। এর মধ্যেও গোপীনাথপুর ভাটিপাড়া সড়কের কাজ শেষ পর্যায়ে রয়েছে। আর যাত্রাপুর হাই স্কুল সড়কে খোয়া ফেলার কাজ কয়েকদিনের মধ্যে শুরু করবো। আর বাকি কাজও দ্রুত সময়ের মধ্যে শেষ করবো।”
