২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কাশিমপুর কারাগারে বিডিআর বিদ্রোহে সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

শহিদুল ইসলাম রাজধানীর নিউমার্কেট থানার বিডিআর বিদ্রোহ মামলার ৪৭ বছরের সাজাপ্রাপ্ত সাবেক বিডিআর সদস্য।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2022, 01:27 AM

Updated : 05 Aug 2022, 01:27 AM

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বিডিআর বিদ্রোহ মামলার সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বিকালে কারা অভ্যন্তরে অসুস্থ হওয়ার পর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে কাশিমপুর কারাগার-২-এর ভারপ্রাপ্ত সিনিয়র জেল সুপার মো. আমিরুল ইসলাম জানান।

মারা যাওয়া কয়েদি শহিদুল ইসলাম (৬৩) সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নায়ায়নপুর গ্রামের আব্দুল করিম মন্ডলের ছেলে। তার কয়েদি নম্বর ছিল-৩৩২৩/এ।

শহিদুল ইসলাম রাজধানীর নিউমার্কেট থানার বিডিআর বিদ্রোহ মামলার ৪৭ বছরের সাজাপ্রাপ্ত সাবেক বিডিআর সদস্য। তাকে ২০১৬ সালে ২৫ মার্চ ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরাণীগঞ্জ থেকে কাশিমপুর কারাগারে নেওয়া হয়েছিল।

আমিরুল ইসলাম জানান, শহিদুল ইসলাম বৃহস্পতিবার বিকালে কারা অভ্যন্তরে হঠাৎ অচেতন হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে কারা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে বিকাল চারটার দিকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, শহিদুল ইসলামকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।

আইনি প্রক্রিয়া শেষে শহিদুল ইসলামের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে কারা কর্মকর্তা আমিরুল ইসলাম জানান।