২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জের রায়গঞ্জে ১৪৪ ধারা জারি

ভোর ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত রায়গঞ্জ পৌরসভা, পাঙ্গাসী ও চান্দাইকোনা ইউনিয়নসহ উপজেলা এলাকায় গণজমায়েত সভা-সমাবেশ, বিক্ষোভ মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2022, 11:14 AM

Updated : 25 Aug 2022, 11:34 AM

একই স্থানে আওয়ামী লীগ ও বিএনপি সভা আহবান করায় সিরাজগঞ্জের রায়গঞ্জে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

রায়গঞ্জ থানার ওসি রফিকুল ইসলাম জানান, বুধবার উপজেলা নির্বাহী অফিসার তৃপ্তি কণা মন্ডল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই আদেশ দেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসনের ফেইসবুকেও বিজ্ঞপ্তিটি প্রচার করা হয়।

ওসি রফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার বিকালে রায়গঞ্জ উপজেলা বিএনপি ধানগড়া চৌরাস্তা মোড়ে বিক্ষোভ সমাবেশ আহ্বান করেছে। একই স্থানে একই সময়ে আওয়ামী লীগও সমাবেশের ঘোষণা দিয়েছে। “তাই আইনশৃংখলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় উপজেলা প্রশাসন ওই এলাকায় ১৪৪ ধারা জারি করেছে।”

ইউএনও তৃপ্তি কণা মন্ডল স্বাক্ষরিত আদেশে বলা হয়, দুটি রাজনৈতিক দল একই স্থানে ও একই সময়ে সভা-সমাবেশ আহবান করায় আইনশৃংখলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত ২৫ অগাস্ট ভোর ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত রায়গঞ্জ পৌরসভা এবং পাঙ্গাসী ও চান্দাইকোনা ইউনিয়নসহ রায়গঞ্জ উপজেলা এলাকায় সকল প্রকার গণজমায়েত সভা-সমাবেশ, বিক্ষোভ মিছিল, র‌্যালি ও শোভাযাত্রা ইত্যাদি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কেউ করতে পারবে না।

ওসি জানান, শান্তি-শৃংখলা বজায় রাখতে পুলিশের পক্ষ থেকে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। উপজেলার বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে, টহল চলছে।