Published : 24 Dec 2023, 07:01 PM
ভোটকেন্দ্রের ভেতরে ভারসাম্য তৈরি করতে হবে প্রার্থীদের; তাদেরকে কেন্দ্রে অবশ্যই ‘পোলিং এজেন্ট’ নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
তিনি বলেন, “যদি পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়। তাৎক্ষণিক প্রিজাইডিং ও রিটার্নিং কর্মকর্তাকে জানাতে হবে। ঘটনা সকালে ঘটল আর অভিযোগ করা হল বিকালে- সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না।”
রোববার বিকাল ৩টার দিকে টাউন হলের অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে বৃহত্তর ময়মনসিংহের ছয়টি জেলার প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সিইসি বলেন, “কেন্দ্রের ভেতরে কেউ বেশি প্রভাব খাটালে তাৎক্ষণিক ভোট বন্ধ করে দেওয়া হবে। যাদের কারণে ভোট বন্ধ হবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। পরিবেশ স্বাভাবিক হলে পরে ওই কেন্দ্রের ভোট নেওয়া হবে।”
তিনি আরও বলেন, “এখন যারা যে ভাবেই অভিযোগ করেন না কেন মূলত খেলাটা হবে ভোটের দিন। ওসি ও ইউএনও আসলে ভোটকেন্দ্রে প্রভাব বিস্তার করতে পারবেন না। তাই তাদের বদলি করেও যে খুব একটা লাভ হবে বলে মনে হচ্ছে না।”
প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল বলেন, “ভোটের দিন কেন্দ্রে ডিআইজি, এসপি এবং বিভাগীয় কমিশনার যাবেন না। আর যদি তারা যানও এবং প্রভাব খাটান তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কেন্দ্রের মূল দায়িত্বে থাকবেন প্রিজাইডিং অফিসার।”
তিনি বলেন, “নির্বাচন অবাধ করার জন্য কেন্দ্রের বাইরে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইন-শৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য থাকবে। আপনারা দেখেছেন আমরা ঢালাও ওসি, ইউএনওসহ প্রশাসনের অনেককে বদলি করেছি।
“এখনও প্রশাসনের অনেকের বিরুদ্ধে আচারণবিধি লঙ্ঘনের অভিযোগ পাচ্ছি সেগুলো তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”
এর আগে ভাষা সৈনিক আব্দুল জব্বার মিলনায়তনে ১১টি সংসদীয় আসনে অংশগ্রহণকারী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেন সিইসি।
বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়ার সভাপতিত্বে এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন কার্যালয়ের সচিব মো. জাহাংগীর আলম, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি শাহ আবিদ হোসেন, জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, জেলা পুলিশ সুপার মাছুম আহম্মেদ ভূঞা, জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।