সিরাজগঞ্জে পাট কাটতে গিয়ে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
বৃষ্টির মধ্যে ওই দুই কৃষক ক্ষেতে পাট কাটছিলেন। বজ্রপাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চরাঞ্চলে পাট কাটার সময় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুরে কাজিপুরে যমুনা নদীর পূর্বে চরে এ ঘটনা ঘটে বলে উপজেলার মাইজবাড়ি ইউপি সদস্য আব্দুস সালাম জানান।
নিহতরা হলেন, মাইজবাড়ি চরের জিলু সরকারের ছেলে মনছের সরকার (৬২) ও মোকছেদ আলীর ছেলে নুরুজ্জামান সেখ (৫২)।
ইউপি সদস্য আব্দুস সালাম বলেন, “দুপুরে বৃষ্টির মধ্যে ওই দুই কৃষক ক্ষেতে পাট কাটছিলেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।”
নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে কাজিপুর থানার ওসি শ্যামল কুমার দত্ত জানান।
