এমপি প্রার্থী হতে চান রাষ্ট্রপতির ছেলে
জেলা আওয়ামী লীগের সভাপতি বলেন, “নির্বাচন আসলে অনেকেই প্রার্থী হতে চান। দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষের কাজ করব।”
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা ৫ আসনে আওয়ামী লীগের প্রার্থী হতে চান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছেলে আরশাদ আদনান রনি। এ জন্য বাবার সম্মতি পেয়েছেন বলেও জানান তিনি।
গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে পাবনা পৌর শহরের জুবিলী ট্যাংকপাড়ার নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের সময় তার ইচ্ছের কথা জানান।
বাবার সম্মতিতেই কাজ শুরু করেছেন জানিয়ে রনি বলেন, “আমার বাবা আমাকে বলে দিয়েছেন যে- ‘আমি তো পাবনায় থেকে পাবনার মানুষের জন্য কাজ করতে পারলাম না, প্রধানমন্ত্রী আমাকে সারা বাংলাদেশের মানুষের জন্য কাজের দায়িত্ব দিয়েছেন, তাই এখন তুমি যাও পাবনার মানুষের কাছে, দেখ পাবনার মানুষ তোমাকে গ্রহণ করে কিনা।’ সেই জন্য আমি পাবনায় কাজ শুরু করেছি।“
“আমি পাবনাবাসীকে জানাতে চাই, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমি পাবনা ৫ (সদর) আসনে মনোনয়ন চাইব এবং তিনি যদি নির্বাচন করার সুযোগ দেন তাহলে নৌকাকে বিজয়ী করে পাবনার মানুষের জন্য কাজ করার চেষ্টা করব।”
বাবার (রাষ্ট্রপতি) সম্মতি ও ইচ্ছেতেই নির্বাচনের মাঠে আছেন জানিয়ে আরশাদ আদনান রনি আরও বলেন, “রাষ্ট্রপতি হওয়ার আগে থেকেই পাবনার মানুষের জন্য আমার বাবা কাজ করে যাচ্ছেন। উনার স্বপ্ন ছিল, পাবনাকে একটি মডেল জেলায় রূপান্তরিত করা। এখন রাষ্ট্রপতি হিসেবে উনি তার সর্বোচ্চটুকু পাবনার মানুষের জন্য নিবেদিত করেছেন।”
নিজের রাজনৈতিক সম্পৃক্ততার ইতিহাস তুলে ধরে রাষ্ট্রপ্রধানের ছেলে বলেন, “আমি ছাত্রজীবন থেকেই ছাত্রলীগ এবং পরে যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলাম। মাঝে ব্যবসার কারণে একটু দূরে ছিলাম। ”
রনি বর্তমানে আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক উপ-কমিটির সদস্য বলে জানান।
তিনি বলেন, “যেহেতু আমি আওয়ামী পরিবারের সন্তান এবং পাবনার ছেলে, তাই আমার দাবির একটা জায়গা তো আছেই।“
এ সময় তিনি পাবনার উন্নয়নে নানা পরিকল্পনার কথা তুলে ধরেন।
এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল বলেন, “নির্বাচন আসলে অনেকেই প্রার্থী হতে চান। আওয়ামী লীগ একটা বড় দল। অনেক প্রার্থী মনোনয়ন চাইবে। দল যাকে মনোনয়ন দেবে, আমরা তার পক্ষেই কাজ করব।”
মতবিনিময়ের সময় পাবনার বিভিন্ন পর্যায়ের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
