শেখ হাসিনা মহাসড়কে খানাখন্দ, সংস্কারে লুটপাটের অভিযোগ
মাদারীপুরের মস্তফাপুর থেকে ডিসি ব্রিজ পর্যন্ত চার লেন অংশে রয়েছে বিপজ্জনক ১৩৫টি গর্ত; এর মধ্যে বড় ৬০টির কোনো কোনোটির ব্যাস ১ মিটার, কোনো কোনোটির গভীরতা ৪ থেকে ৫ ইঞ্চি।
মাদারীপুরের শেখ হাসিনা আঞ্চলিক মহাসড়কটির সংস্কারকাজ শেষ হয়েছে গত বছরের জুনে। প্রায় ৯ কোটি টাকা ব্যয়ে এই সংস্কারের দুই মাস না পেরোতেই ভাঙতে শুরু করে সড়কের বিভিন্ন পয়েন্ট। এক বছরের মাথায় ১১ কিলোমিটার সড়কের অন্তত ১৫০টি স্থানে সৃষ্টি হয়েছে ছোট-বড় বিপজ্জনক গর্ত।
স্থানীয়দের অভিযোগ, চার লেনের এই সড়কটি নির্মাণের পর থেকেই সংস্কারের নামে চলছে লুটপাট।
মহাসড়কটি মাদারীপুর জেলার বাসিন্দাদের জন্য প্রধান সড়ক। এই সড়কটি দিয়ে শরীয়তপুর ও চাঁদপুর ছাড়াও রাজধানী ঢাকার সঙ্গে যুক্ত হয়েছে মাদারীপুর। এ ছাড়া জেলা প্রশাসক, পুলিশ সুপারের কার্যালয়, আদালত, এলজিইডি, সওজ, কলেজসহ জেলার গুরুত্বপূর্ণ সব অফিসে যেতে হলে এই মহাসড়কটি ব্যবহার করতে হয়।
সরজমিনে দেখা গেল, সড়কের বিভিন্ন অংশে সিলকোট (বিটুমেনের পাতলা স্তর) উঠে উঁচু-নিচু হয়ে গেছে। অনেক অংশ দেবে গর্ত হয়ে গেছে।
বিশেষ করে মস্তফাপুর থেকে ডিসি ব্রিজ পর্যন্ত চার লেইন অংশে রয়েছে বিপজ্জনক ১৩৫টি গর্ত। এর মধ্যে ৬০টিই বড়। কোনো কোনো গর্তের ব্যাস ১ মিটার, কোনো কোনোটির গভীরতা ৪ থেকে ৫ ইঞ্চি। বৃষ্টির সময় এসব গর্তে পানি জমে সড়কের পরিস্থিতি আরও ভয়াবহ করে তোলে।
স্থানীয় সংসদ সদস্য শাজাহান খানের বাসার ঠিক সামনে রাস্তার অংশও বেহাল। সেখানে সড়কটি দেবে গিয়ে উঁচুনিচু হয়ে সৃষ্টি হয়েছে গর্ত।
এ ছাড়া ইটেরপুল, নতুন বাসস্ট্যান্ড, থানার মোড়, মস্তফাপুর, থানতলি অংশে সড়কটির পিচ-পাথর উঠে গেছে। বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে খানাখন্দ।
এই মহাসড়কে নিয়মিত ইজিবাইক চালান অনিল কর্মকার। তিনি বলেন, “আগে যখন দুই লেইন সড়ক ছিল তখন এত খারাপ অবস্থা ছিল না। এখন চার লেইন হয়েছে ঠিক, কিন্তু খানাখন্দে ভরা। গর্তে চাকা পড়লে অনেক সময় গাড়ি উল্টে দুর্ঘটনা ঘটে। খুব ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে হয়।”
মস্তফাপুর এলাকার বাসিন্দা মেহেদী হাসান জানালেন, মাদারীপুর শহরে নানান কাজে মোটরসাইকেলে আসা-যাওয়া করতে হয় তাকে। কিন্তু মোটরসাইকেল চালিয়ে কোনো স্বস্তি পাওয়া যায় না।
একটু পরপর ছোট বড় গর্তের কারণে সামনে বা পেছন থেকে বাস বা ট্রাক এলে সেটি পাশ কাটাতে কিংবা সাইড দিতে গিয়ে বিড়ম্বনায় পড়তে হয়। গর্তগুলো দিন দিন বাড়ছে বলেও জানালেন তিনি।
ইটেরপুল এলাকার ব্যবসায়ী সোহাগ হাওলাদার অভিযোগ করলেন, “এক বছর আগে রাস্তা ঠিক করল। যখন কাজ করছে তখনই দেখেছি, কোনো রকম পিচ-পাথর দিয়ে জোড়াতালি দিয়েছে। ভালমত কাজ করলে এত দ্রুত সড়কটির এই পরিণতি হত না।
“এই সড়কের জন্য কোটি কোটি টাকা বরাদ্দ আসে ঠিকই কিন্তু সবই ভাগ বাটোয়ারা করে খেয়ে ফেলে।“
সওজ বিভাগের তথ্য অনুযায়ী, ২০১৫-১৬ অর্থবছরে মাদারীপুর-শরীয়তপুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কটি দুই লেইন থেকে চার লেইনে উন্নীত করা হয়। ১১ কিলোমিটার দীর্ঘ এই সড়কটির নামকরণ করা হয় ‘শেখ হাসিনা মহাসড়ক’।
এশীয় উন্নয়ন ব্যাংকের আওতায় পাঁচটি প্যাকেজে এ সড়ক নির্মাণে ব্যয় হয় ৮২ কোটি টাকা। ২০১৭ সালে মহাসড়কটির নির্মাণ কাজ শেষ হয়।
তিন বছরের মধ্যে সড়কটির বিভিন্ন অংশ বেহাল হয়ে পড়ায় ২০২১-২২ অর্থবছরে মহাসড়কটি সংস্কারের জন্য আরও ৮ কোটি ৯৪ লাখ ৯৮ হাজার ৮১৫ টাকা ব্যয় ধরা হয়।
সেসময় মহাসড়কের মস্তফাপুর থেকে ডিসি ব্রিজ পর্যন্ত সাড়ে ৬ কিলোমিটার চার লেইন ও ডিসি ব্রিজ থেকে খোয়াজপুর পর্যন্ত সাড়ে ৪ কিলোমিটার দুই লেইনের সংস্কার কাজ করে বরিশালের ওরিয়েন্ট ট্রেডিং অ্যান্ড বিল্ডার্স লিমিটেড (ওটিবিএল) নামে একটি ঠিকাদার কোম্পানি।
সবশেষ গত বছরের ১০ ফেব্রুয়ারি থেকে মহাসড়কে সংস্কার কাজ শুরু করে ঠিকাদার। ওই বছরের ১৯ জুন কাজ শেষ করে চুক্তি মূল্যের ৫ শতাংশ টাকা জামানত রেখে ৭ কোটি ১৮ লাখ ৫৫ হাজার ৬৬৯ টাকা তুলে নেওয়া হয়।
এরপরই অভিযোগ ওঠে, ওটিবিএল তড়িঘড়ি নামমাত্র সংস্কার করে টাকা তুলে নিয়েছে। যার কারণে মহাসড়কের বিভিন্ন স্থানে বছর না ঘুরতেই গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়েছে।
বেশ কয়েকজন ঠিকাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, সড়কটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে হওয়ায় এর সংস্কারের জন্য সহজেই বরাদ্দ পাওয়া যায়। ফলে বছর বছর সংস্কারের নামে বড় অংকের টাকা বরাদ্দ এনে সংশ্লিষ্টরা ‘ভাগ-বাটোয়ারা’ করে নেয়।
মাদারীপুর বিআরটিএ, হাইওয়ে ও সদর থানা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, মহাসড়কটির খানাখন্দ আর ছোট বড় গর্তের কারণে মাসে গড়ে ১৫টি দুর্ঘটনা ঘটে। গত ৬ মাসে মহাসড়কের এই ১১ কিলোমিটর অংশে ৯০টির বেশি দুর্ঘটনা ঘটেছে, নিহত হয়েছে আটজন। সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটে মোটরসাইকেল ও ইজিবাইকের।
সদর মডেল থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী বলেন, “শহরে কোনো বাইপাস সড়ক নেই। ফলে ছোট-বড় সব যানবাহনকেই এই ফোর লেইন ব্যবহার করতে হয়। সেই মহাসড়কটি খানাখন্দে ভর্তি হওয়ার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। বিশেষ করে বর্ষা মৌসুমে সমস্যা বেড়ে যায়। কারণ তখন গর্তগুলোয় পানি জমে থাকে।”
কোনো রকম কাজ করে বিল তুলে নেওয়ার অভিযোগের বিষয়ে কথা হয় জেলা সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আল-ইমরানের সঙ্গে।
তিনি বলেন, “মহাসড়কটি আমরা পরিদর্শন করেছি। সংস্কার কাজের সময় কোনো অনিয়ম হয়েছে কি-না বলতে পারব না, কারণ তখন আমি দায়িত্বে ছিলাম না।
“যে ঠিকাদার এই সংস্কার কাজ করেছে তারা আগামী আরও দুই বছর দেখভাল করবে। খানাখন্দ মেরামত করতে এরই মধ্যে তাদের বলা হয়েছে। তারা যদি মেরামত না করে, তাহলে আমরা নিজেরাই মোবাইল টিম দিয়ে মেরামত করব। পরে নিয়ম অনুসারে ঠিকাদার প্রতিষ্ঠানের জামানতের টাকা থেকে খরচ কেটে নেওয়া হবে।”
তবে কোনো ধরনের অনিয়মের কথা অস্বীকার করেছেন ঠিকাদার কোম্পানি ওটিবিএলের পরিচালক মাসুদ খান।
তিনি বলেন, “মহাসড়কটি সংস্কারে আমরা কোনো অনিয়ম করিনি। ইন্ডিয়ান পাথর ও পিচ দিয়ে কাজটি করা হয়েছে, কোনো নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়নি। সড়কটি যখন নির্মাণ করা হয় তখন নিচের স্তরে ভালোভাবে কাজ করা হয়নি। এ কারণে সড়কটি এখন দেবে যাচ্ছে। তারপরেও সওজ থেকে বলা হলে আমরা গর্তগুলো ঠিক করে দেব।”
সড়ক ও জনপদ বিভাগ কত টাকা ব্যয়ে মেরামত করছে সে ব্যাপারে খোঁজখবর নেওয়া হবে বলে জানান জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান।
তিনি বলেন, “জনগণের চলাচলের সুবিধার্থে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। কারণ সরকারের টাকা মানে জনগণের টাকা, এই টাকা অপচয়ের কোনো সুযোগ নেই। কারো কোনো গাফিলতি থাকলে প্রয়োজনে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।”
