ঝিনাইদহে শিশু ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন
রায়ে জরিমানার এক লাখ টাকা শিশুটির পরিবারকে দিতে বলা হয়।
ঝিনাইদহে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড ও শিশুটির পরিবারকে এক লাখ টাকা দেওয়ার আদেশ দিয়েছে আদালত।
সোমবার দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন বলে ওই আদালতের বিশেষ পিপি বজলুর রহমান।
দণ্ডপ্রাপ্ত শিপন মণ্ডল ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ফলিয়া গ্রামের বাসিন্দা।
মামলার নথির বরাতে অ্যাডভোকেট বজলুর রহমান জানান, ২০২০ সালের ২১ ফেব্রুয়ারি দুপুরে ওই এলাকার শিপন মণ্ডল চার বছর বয়সী প্রতিবেশী শিশুকে মিষ্টি খাওয়ানোর লোভ দেখিয়ে ধর্ষণ করেন। ঘটনাটি বাড়ি গিয়ে বলার পর শিশুটিকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করানো হয়।
তিনি জানান, ঘটনার দিনই শিশুটির দাদা বাদী হয়ে শৈলকুপা থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে ওই বছরের ২৯ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। দণ্ডিতকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা শিশুটির পরিবারকে দিতে হবে।
