কুমিল্লায় ৩ টন পলিথিন জব্দ, চালক ও সহকারী কারাগারে
মামলায় ট্রাক চালক ও তার সহকারী ছাড়াও অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামে তিনটন পলিথিনসহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ সময় গাড়িটির চালক ও সহকারীকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় করা মামলায় গ্রেপ্তারদের শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে পরিবেশ অধিদপ্তর, কুমিল্লার উপ পরিচালক মোসাব্বের হোসেন মুহাম্মাদ রাজীব জানান।
এর আগে বৃহস্পতিবার রাতে ওই মহাসড়কের চৌদ্দগ্রামের কালিকাপুর ছুপুয়া এলাকার একটি পেট্রল পাম্পের সামনে পলিথিনসহ ট্রাক জব্দ ও এর চালক-সহকারীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, ট্রাকটির চালক ঝালকাঠির নলছিটি উপজেলার কুশঙ্গল গ্রামের আল আমিন মোল্লা (৩২) এবং রংপুর সদরের পাগলাপীর এলাকার শাহাদাতপুর গ্রামের রনজু মোহাম্মদ (৩৬)।
পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা জানান, পরিবেশ অধিদপ্তর, কুমিল্লার রিসার্চ কর্মকর্তা মো. রুনায়েত আমিন রেজা বাদী হয়ে ওই দুজনসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মামলা করেন।
