‘জোর করে ব্যালটে সিল’: ফরিদপুরে স্বতন্ত্র প্রার্থীর পুনর্নির্বাচন দাবি
“প্রকাশ্যে নৌকায় সিল মেরেছে। দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটকে বার বার বললেও তিনি কোন পদক্ষেপ নেন নাই।”
নৌকার প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে ব্যালেটে জোর করে সিল মারার অভিযোগ তুলে পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছেন ফরিদপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. জামাল হোসেন মিয়া।
ভোটের দুদিন পর মঙ্গলবার দুপুরে ফরিদপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এ দাবি জানান।
ফরিদপুর-২ আসনে আওয়ামী লীগ প্রার্থী বর্তমান সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী ৮৬ হাজার ৯৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জামাল ঈগল প্রতীকের পেয়েছেন ৮৪ হাজার ১১৪ ভোট।
প্রভাবশালী আওয়ামী লীগ নেতা ও সংসদের সাবেক উপনেতা প্রয়াত সাজেদা চৌধুরীর ছেলে লাবুর কাছে মাত্র এক হাজার ৯৮১ ভোটের হেরেছেন জামাল।
ঈগল প্রতীকের প্রার্থী জামাল বলেন, “আমার নির্বাচনি এলাকার ১১৫টি কেন্দ্রের মধ্যে গট্টি, যদুনন্দী, রামনগর, কাইচাইল ইউনিয়নের ভোট জোর করে নৌকা প্রতীকে নিয়ে নেয়। তার মধ্যে বাবুর কাইচাইল, বালিয়া গট্টি, জয়ঝাপ, বড়খারদিয়া, সুতারকান্দা, পোড়াদিয়া, কৃষ্ণাডাঙ্গী কেন্দ্রসহ আরও কয়েকটি কেন্দ্র রয়েছে।”
এসব ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ দিয়েও কোনো ফল পাননি বলে জানান তিনি। বলেন, “প্রায় ২০টি কেন্দ্র থেকে আমার পোলিং এজেন্টদের মারধর করে বের করে দিয়েছে।
“প্রহসনের নির্বাচন, কারচুপির নির্বাচন ও ব্যালট ছিনতাইয়ের নির্বাচন নগরকান্দা ও সালথাবাসী প্রত্যাখান করেছে। এ ফলাফল আমরা মানি না, মানবও না। আমার ঈগলের অনেক ভোট নষ্ট দেখানো হয়েছে। আমাকে জোর করে ১ হাজার ৯০০ ভোটে পরাজিত দেখানো হয়েছে।”
নির্বাচনের পর সমর্থকদের বাড়িঘর ও দোকানপাটে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগও করেন পরাজিত এ স্বতন্ত্র প্রার্থী।
এ বিষয়ে নৌকার সমর্থক ও সালথা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির বলেন, “অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে স্বতন্ত্র প্রার্থী এসব অভিযোগ তুলছেন। সালথার সাধারণ সাধারণ মানুষ দেখেছেন, নির্বাচন কতটা চমৎকার হয়েছে। ভোটার উপস্থিতি কম হলেও যারা কেন্দ্রে গেছেন, তারা নিজেদের পছন্দেই প্রতিনিধি নির্বাচিত করেছেন।”
অভিযোগের বিষয়ে জানতে আওয়ামী লীগ প্রার্থী লাবু চৌধুরীর মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
