জ্বালানি তেলে কমিশন বাড়ানোর দাবি, না হলে পরিবহন বন্ধের হুমকি
জ্বালানি তেল বিক্রয়ের উপর ডিলার্স কমিশন সাড়ে ৭ শতাংশ করার দাবি জানান পেট্রোলিয়াম অ্যাসোসিয়েশনের নেতারা।
তিন দফা দাবিতে ১ অগাস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন বন্ধের ঘোষণা দিয়েছে রংপুর বিভাগীয় পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্টিবিউটরস, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
সোমবার দুপুরে রংপুর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন অ্যাসোসিয়েশনের বিভাগীয় সাধারণ সম্পাদক মোস্তফা সোহরাব টিটু।
দাবিগুলো হলো- জ্বালানি তেল পরিবহনকারী ট্যাংকলরির ইকোনমিক লাইফ ৫০ বছর করতে হবে; জ্বালানি তেল (ডিজেল, পেট্রোল/অকটেন) বিক্রয়ের উপর প্রচলিত কমিশন কমপক্ষে ৭ দশমিক ৫ শতাংশ এবং জ্বালানি তেল ব্যবসায়ীরা কমিশন এজেন্ট বিধায় প্রতিশ্রুতি মোতাবেক সুস্পষ্ট গেজেট প্রকাশ করতে হবে।
মোস্তফা সোহরাব বলেন, জ্বালানি তেল ব্যবসায়ীরা জরুরি অবস্থা, আন্দোলন, হরতাল, অবরোধ, বিভিন্ন প্রতিকূল পরিবেশ উপেক্ষা করে জীবনের ঝুঁকি নিয়ে ট্যাংকলরির মাধ্যমে তেল পরিবহন করে নিরবচ্ছিন্নভাবে তেল সরবরাহের মাধ্যমে যোগাযোগ ও কৃষি উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
এ ছাড়া করোনাভাইরাসের সময়ে সবকিছু বন্ধ হয়ে গেলেও ব্যবসায়ীরা মৃত্যুভয় উপেক্ষা করে নিরবচ্ছিন্নভাবে তেল সরবরাহ প্রক্রিয়া অব্যাহত রেখেছেন; ফলে দেশে খাদ্য উৎপাদন উল্লেখযোগ্য হারে বেড়ে যায় বলে তিনি জানান।
তিনি আরও বলেন, একমাত্র জ্বালানি তেল ক্রয় এবং বিক্রয় সরকার নির্ধারিত অভিন্ন মূল্যে হয়ে থাকে। জ্বালানি তেল বিক্রয়ের উপর সরকার নির্ধারিত হারে কমিশন প্রদান করে থাকে। ফলে ফিলিং স্টেশনের আয় বৃদ্ধির কোনো সুযোগ নেই। ব্যবসায়ীরা সরকারি নির্ধারিত মূল্যে জ্বালানি তেল ক্রয় করে নির্ধারিত মূল্যে বিক্রি করে স্বল্প কমিশন পেয়ে থাকে।
তাই জ্বালানি তেল বিপণন কাজে নিয়োজিতদের বিভিন্ন সমস্যা সমাধানকল্পে গেজেটের মাধ্যমে জ্বালানি ব্যবসায়ীদের অবস্থান কমিশন এজেন্ট ঘোষণার দাবি জানান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক।
দাবি বাস্তবায়ন হলে দ্বৈত লাইসেন্সসহ বিভিন্ন আইনি ও প্রশাসনিক জটিলতা এড়ানো সম্ভব; সেইসঙ্গে সরকারি বিভিন্ন দপ্তর কর্তৃক ফিলিং স্টেশন সংক্রান্ত এসআরও এককভাব জারির প্রবণতাও হ্রাস পাবে বলে মত মোস্তফা সোহরাবের।
ডিলার্স কমিশন বৃদ্ধির দাবি দীর্ঘদিনের উল্লেখ করে তিনি আরও বলেন, “জ্বালানি তেলের মূল্য যখন ৬০ টাকা ছিল তখন যে হারে কমিশন প্রদান করা হতো এখন তেলের মূল্য দ্বিগুণ হওয়ার পরও প্রায় একই হারে কমিশন প্রদান করছে।
“অথচ তেল ক্রয়ে ডিলার/এজেন্টেদের দ্বিগুণ বিনিয়োগ করতে হচ্ছে, একইসঙ্গে জিনিসপত্রের মূল্য ঊর্ধ্বগতির ফলে কর্মচারীর বেতন অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। সকল লাইসেন্স ফি প্রায় দ্বিগুণ করা হয়েছে, বিদ্যুতের মূল্যবৃদ্ধিসহ ট্যাংকলরির পার্টসের মূল্যও দ্বিগুণ হয়েছে।”
মোস্তফা সোহরাব বলেন, যেখানে অটোগ্যাস স্টেশন (এলপিজি) প্রতি লিটার ৪৬ দশমিক ৫০ টাকা করে বিক্রয় করে আট টাকা কমিশন পাচ্ছে; সেখানে প্রতি লিটার অকটেন ১৩০ টাকা, পেট্রোল ১২৫ টাকা ও ডিজেল ১০৯ টাকা বিক্রয় করে কমিশন দেওয়া হচ্ছে চার টাকা আর ৪৬ দশমিক ৫০ টাকা এক লিটার এলপিজি বিক্রয়ে কমিশন দেওয়া হয় ১৭ শতাংশ।
অন্যদিকে প্রতি লিটার অকটেন ১৩০ টাকা, পেট্রোল ১২৫ টাকা ও ডিজেল ১০৯ টাকা বিক্রয়ে ৩ শতাংশ কমিশন দেওয়া হয়; যা দীর্ঘদিন ধরে একই অবস্থায় রয়েছে বলে জানান তিনি।
দীর্ঘদিনের এ সমস্যা ও সংকটের আবর্ত থেকে বের হয়ে আসার জন্য জ্বালানি তেলের মূল্যহ্রাস/বৃদ্ধির সঙ্গে নিবিড়ভাবে যুক্ত কর্তৃপক্ষের নিকট স্থায়ী সমাধানের জন্য জ্বালানি তেল বিক্রয়ের উপর ডিলার্স কমিশন ৭ দশমিক ৫ শতাংশ করার দাবি জানান মোস্তফা সোহরাব।
সংবাদ সম্মেলনে অ্যাসোসিয়েশনের রংপুর বিভাগীয় সভাপতি আজিজুল ইসলাম মিন্টু, দিনাজপুর জেলা সভাপতি রফিকুল আলম, সাধারণ সম্পাদক এ টি এম হাবিবুর রহমান, বিভাগীয় দপ্তর সম্পাদক হারুন অর রশিদ, রংপুরের সাংগঠনিক সম্পাদক রিয়াজ শহীদ শোভন ও রংপুর মোটর মালিক সমিতির সভাপতি এ কে এম মোজাম্মেল হক উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:
৩ দফা দাবি আদায়ে জ্বালানি তেল পরিবহণ বন্ধের হুঁশিয়ারি
