২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপিকে `মাঠে’ খেলার আহ্বান শাজাহান খানের

“জনগণই ঠিক করবে- খেলায় কে জিতবে, কে হারবে।”

বিএনপিকে `মাঠে’ খেলার আহ্বান শাজাহান খানের

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন শাজাহান খান

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2022, 05:20 PM

Updated : 03 Sep 2022, 05:20 PM

আন্দোলনের নামে সন্ত্রাসী কার্যক্রমে মানুষ খুন আর জ্বালাও-পোড়াও ছেড়ে বিএনপিকে রাজনীতির মাঠে খেলার আহ্বান জানালেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান।

শনিবার সকালে মাদারীপুরের প্রশিসেস প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণীতে প্রধান অতিথির বক্তব্য শেষে এই আহ্বান জানান তিনি।

শাজাহান খান বলেন, “আপনারাও মাঠে নামুন। আওয়ামী লীগও জনগণকে সাথে নিয়ে মাঠে নামবে। জনগণই ঠিক করবে- খেলায় কে জিতবে, কে হারবে।”

তিনি আরও বলেন, “বিএনপির তত্ত্বাবধায়ক সরকার আর কখনও এই দেশে হবে না। এ নিয়ে জনগণকে বিভ্রান্তি করে জ্বালাও-পোড়াও খুনের আন্দোলন শুরু করছে বিএনপি।”

সাবেক এই মন্ত্রী বলেন, “আপনারা আন্দোলনের নামে হত্যা খুন আর পুলিশের ওপরে হামলা করলে পুলিশ তো বসে থাকবে না। তারা আপনাদের সন্ত্রাসী আন্দোলন প্রতিরোধ করবেই।”

প্রশিসেস প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সেলিনা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক রহিমা খাতুন, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ওবায়দুর রহমান খান ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈনুদ্দিন।