২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠিতে মাদকাসক্ত যুবক আটক, থানায় ‘আত্মহত্যা’

পুলিশ বলছে, রাজেস নিজের পরনে থাকা লুঙ্গি গলায় পেঁচিয়ে হেল্প ডেক্সের ফ্যানের সঙ্গে ঝুলে পড়েন।

ঝালকাঠিতে মাদকাসক্ত যুবক আটক, থানায় ‘আত্মহত্যা’

আটকের পর থানা থেকে রাজেসের ঝুলন্ত লাশ উদ্ধার

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2022, 01:02 AM

Updated : 14 Sep 2022, 01:02 AM

ঝালকাঠিতে ‘মাদকাসক্ত’ এক যুবককে আটক করে থানায় নেওয়ার পর ‘ফাঁসিতে আত্মহত্যা’ করেছেন বলে পুলিশ জানিয়েছে।

মঙ্গলবার বিকাল ৫টার দিকে সদর থানায় এ ঘটনা ঘটে বলে ঝালকাঠি জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মইনুল হক জানান।

নিহত রাজেশ রায় (২৫) শহরের ব্র্যাক মোড় এলাকার অমল রায়ের ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার মইনুল হক জানান, ‘মাদকাসক্ত’ রাজেশ বিকালে বাসায় তার বাবাকে ধারালো অস্ত্র দিয়ে মারতে উদ্যত হন। এ সময় প্রতিবেশীরা ৯৯৯-এ ফোন করে পুলিশে খবর দেন। পুলিশ ওই যুবককে আটক করে থানার হেল্প ডেক্সে রাখে।

“থানায় রাজেশ তার পরনের লুঙ্গি গলায় পেঁচিয়ে হেল্প ডেক্সের ফ্যানের সঙ্গে ঝুলে পড়েন। পরে তাকে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে জানিয়ে মইনুল হক বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ঝালকাঠি সদর হাসপাতালের চিকিৎসক মেহেদী হাসান বলেন, “রাজেশকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। মৃত্যুর কারণ ময়নাতদন্তের পর জানা যাবে।”

এদিকে, নিহত রাজেশের বাবা অমল রায় জানান, তার ছেলে মাদকাসক্ত ছিলেন। দীর্ঘদিন তাকে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে চিকিৎসাও দেওয়া হয়।