২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে বৃদ্ধ ভিক্ষুকের টাকা ছিনতাই, ৪ কিশোরী ‘ছিনতাইকারী’ আটক

এক ব্যক্তি সবাইকে ৫০০ করে টাকা দিচ্ছে জানিয়ে বৃদ্ধকে একটি ভবনের ওপরে নিয়ে যায় কিশোরীরা।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2023, 03:35 PM

Updated : 23 Aug 2023, 03:35 PM

চাঁদপুরে এক বৃদ্ধ ভিক্ষুকের টাকা ছিনতাইয়ের অভিযোগে আটক করা হয়েছে চার কিশোরীকে। তাদের ‘ছিনতাইকারী’ চক্রের সদস্য দাবি করে ছিনতাইয়ের সাড়ে পাঁচ হাজার টাকা উদ্ধার করার কথা জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার রাতে শহরের কোর্ট স্টেশন প্লাটফর্মসহ বিভিন্ন স্থান থেকে তাদেরকে আটক করা হয় বলে জানিয়েছেন চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. শেখ মুহসীন আলম।

আটকদের বয়স ১২ থেকে ১৪ বছরের মধ্যে।

ভুক্তভোগী প্রায় শতবর্ষী ওই বৃদ্ধ চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের গুচ্ছগ্রামের বাসিন্দা।

বৃদ্ধের অভিযোগের বরাতে নতুন বাজার পুলিশ ফাঁড়ির এসআই মো. নাজিম উদ্দিন জানান, শুক্রবার প্রতিদিনের মতো ভিক্ষা করতে নামেন ওই বৃদ্ধ। দুপুরে ওই কিশোরীরা বৃদ্ধকে জানায় শহরের জোড়পুকুর পাড় এলাকায় এক ভবনের উপরে এক ব্যক্তি ৫০০ টাকা করে দিচ্ছেন। তারা বৃদ্ধকে তাড়াতাড়ি সেখানে যেতে বলেন।

“তাদের কথা শুনে বৃদ্ধ ভিক্ষুক ভবনটির উপরে উঠলে ওই কিশোরীরা প্রথমে তার ভিক্ষার টাকা নিয়ে যায়। পরে বৃদ্ধের পরিহিত লুঙ্গি ধরে টান দিলে কোমরে থাকা সঞ্চিত সাড়ে ১৭ হাজার টাকা মাটিতে পড়ে যায়। তখন ছিনতাইকারীরা সে টাকাগুলোও উঠিয়ে নিয়ে পালিয়ে যায়।”

পরে মঙ্গলবার রাতে নতুন বাজার শহরের বিভিন্ন স্থান থেকে ওই ‘ছিনতাইকারী চক্রে’র চার জনকে আটক ও নগদ সাড়ে পাঁচ হাজার টাকা উদ্ধার করেন বলে জানান এসআই নিজাম উদ্দিন।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা বৃদ্ধ ভিক্ষুকের টাকা নেওয়ার কথা স্বীকার করেছে। টাকাগুলো তারা নিজেদের মধ্যে ভাগ করে নিয়ে গেছে। তাদের একজন ছিনতাইয়ের টাকা থেকে দুই হাজার টাকা দিয়ে একটি মোবাইল সেটও ক্রয় করেছে।

চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. শেখ মুহসীন আলম বলেন, “বৃদ্ধ ভিক্ষুকের বাকি টাকাগুলো উদ্ধারের চেষ্টা চলছে। আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের পর তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।”