নেত্রকোণায় হেরেছেন অসীম কুমার উকিল
বাকি চারটি আসনেই জয় পেয়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা।
নেত্রকোণার পাঁচটি আসনের মধ্যে চারটিতে জয় পেয়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা। অপর একটিতে আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিলকে হারিয়েছেন স্বতন্ত্র প্রার্থী।
রোববার দিনভর ভোট শেষে রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও ডিসি শাহেদ পারভেজ বেসরকারি ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী, নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে জয় পেয়েছেন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু। তিনি ভোট পেয়েছেন ৭৬ হাজার ৮০৩টি।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী অসীম কুমার উকিল পেয়েছেন ৭৪ হাজার ৫৫০ ভোট।
এ ছাড়া নেত্রকোণা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনে নৌকার প্রার্থী মোস্তাক আহমেদ রুহী জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৫৯ হাজার ১৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের জান্নাতুল ফেরদৌস আরা পেয়েছেন ২৫ হাজার ২১৯ ভোট।
নেত্রকোণা-২ (সদর-বারহাট্টা) আসনে ১ লাখ ৫ হাজার ৩৫৩ ভোট পেয়ে জয় পেয়েছেন নৌকার মাঝি সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু। সাবেক ক্রীড়া উপমন্ত্রী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আরিফ খান জয় পেয়েছেন ৮৬ হাজার ২৮৭ ভোট।
নেত্রকোণা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনে জয় পেয়েছেন নৌকার প্রার্থী সাজ্জাদুল হাসান। তিনি ১ লাখ ৮৮ হাজার ৬৮ ভোট পেয়েছেন। সেখানে ৫ হাজার ৭৫৯ ভোট পেয়ে লাঙ্গলের প্রার্থী লিয়াকত আলী খান আছেন দ্বিতীয় অবস্থানে।
নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসনে জয়ী হয়েছেন নৌকার প্রার্থী আহমদ হোসেন। তিনি পেয়েছেন ৭৯ হাজার ৬৪৭ ভোট। ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. মাজহারুল ইসলাম সোহেল ফকির ২৭ হাজার ২১৪ ভোট পেয়ে রযেছেন দ্বিতীয় অবস্থানে।
