২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাকে বিয়ে করতে ছেলেকে অপহরণ

বিয়ে করার পাশাপাশি এক লাখ টাকা দিলে শিশুটিকে সুস্থ অবস্থায় ফেরত দেওয়ার কথা বলেছিলেন অপহরণকারী।

মাকে বিয়ে করতে ছেলেকে অপহরণ

গ্রেপ্তার শফিকুল ইসলাম

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2022, 10:57 PM

Updated : 07 Oct 2022, 01:43 PM

সাভারের আশুলিয়া এক নারীকে ‘বিয়েতে রাজি করাতে’ তার শিশু সন্তানকে অপহরণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার কুড়িগ্রামের ফুলবাড়ি থানা এলাকায় অভিযান চালিয়ে ওই অপহরণকারীকে গ্রেপ্তারের পাশাপাশি শিশুটিকেও উদ্ধার করা হয়েছে বলে র‌্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. জিয়াউর রহমান চৌধুরী জানান।

গ্রেপ্তার শফিকুল ইসলাম (৩৬) ওই এলাকার আয়নুল হকের ছেলে। উদ্ধার হওয়া সাত বছর বয়সী শিশুটি তার পোশাককর্মী মায়ের সঙ্গে আশুলিয়ার জামগড়া এলাকায় ভাড়া বাসায় থাকে। তাদের বাড়ি রাজবাড়ী জেলায়।

র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শিশুটির বাবা তাদের ফেলে চলে গেছে। গ্রেপ্তার শফিকুলের সঙ্গে ৬/৭ মাস আগে মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় হয় ওই পোশাককর্মী নারীর। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

সেই সূত্রে ওই নারীর বাসায় নিয়মিত যাতায়াত করতেন শফিকুল। এক পর্যায়ে শফিকুল শিশুটির মাকে বিয়ের প্রস্তাব দেন। তখন জানতে চাইলে আগের স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছে বলে দাবি করেন শফিকুল।

গত ১২ সেপ্টেম্বর শিশুটির মা শফিকুলের বাড়ি বেড়াতে গিয়ে তার স্ত্রী-সন্তান দেখে বিয়েতে অসম্মতি জানান। তারপরও শফিকুল ওই নারীকে বিয়েতে রাজি করানোর জন্য বিভিন্নভাবে চেষ্টা চালাতে থাকেন।

শেষ পর্যন্ত রাজি না হওয়ায় গত রোববার শফিকুল ওই নারীর ছেলেকে আইসক্রিম কিনে দেওয়ার কথা বলে বাসা থেকে বের করে নিয়ে অপহরণ করেন বলে র‌্যাবের ভাষ্য।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই নারী রাতে কর্মস্থল থেকে বাসায় ফিরে ছেলেকে না পেয়ে মোবাইল ফোনে যোগাযোগ করেন। শফিকুল তখন শিশুটিকে অপহরণের কথা স্বীকার করেন। তাকে বিয়ে করলে এবং নগদ এক লাখ টাকা দিলে শিশুটিকে সুস্থ অবস্থায় ফেরত দেবেন, না হলে মেরে ফেলবেন বলে হুমকি দেন তিনি।

পরে শিশুটির মা বিষয়টি র‌্যাবকে জানালে র‌্যাব-৪ ও র‌্যাব-১৩ একযোগে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করার পাশাপাশি শফিকুলকে গ্রেপ্তার করে।