বৃষ্টিভাসা বিলে মাছ ধরার উৎসব, ‘কারও পৌষ মাস কারও সর্বনাশ’
কমলাপুর বিলে বড় বড় শতাধিক পুকুর পানিতে ভেসে যাওয়ায় মাছ চলে গেছে বলে জানান রাজশাহী জেলা মৎস্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম।
টানা বৃষ্টিতে রাজশাহীতে প্রায় ৫০০ পুকুরের মাছ ভেসে যাওয়ায় শত শত খামারি বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন। ভেসে যাওয়া সেই মাছ উৎসবের আমেজে ধরে এবং কিনে লাভবান হয়েছেন হাজার হাজার মানুষ।
বুধবার দুপুর থেকে বৃহস্পতিবার দিনভর তুমুল বৃষ্টিতে রাজশাহী নগরীসহ অধিকাংশ এলাকা জলমগ্ন হয়ে পড়ে। গোদাগাড়ী, তানোর ও বাগমারা উপজেলায় মাছের পাশাপাশি ফসলেরও ক্ষতি হয়েছে। গোদাগাড়ী উপজেলার পানির একটি বড় অংশই কমলাপুর বিল দিয়ে নামে।
কমলাপুর বিলে বড় বড় শতাধিক পুকুর আছে। সবগুলোই পানিতে ভেসে যাওয়ায় মাছ চলে গেছে বলে রাজশাহী জেলা মৎস্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান।
তিনি আরও বলেন, “বৃষ্টিতে রাজশাহীতে গোদাগাড়ী, তানোর ও বাগমারা উপজেলার ৫০০ পুকুর ভেসে গেছে বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। এর মধ্যে গোদাগাড়ীতে প্রায় ২০০, তানোর উপজেলায় ১৫০ এবং বাগমারা এলাকায় ১৬০টি পুকুর রয়েছে।”
তবে এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও নিরূপণ করা হয়নি; এর জন্য রোববার বিকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানান মৎস্য কর্মকর্তা।
পুকুর ভেসে গিয়ে ক্ষতির শিকার গোদাগাড়ী উপজেলার গোগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হযরত আলী বলেন, কমলাপুর বিলে তার ১০০ বিঘার চারটি পুকুর রয়েছে। তার ১৬ বিঘার একটি পুকুর ছাড়া সব মাছ ভেসে গেছে।
“উপজেলার পাঁচটি ইউনিয়নের ঢলের পানি এই বিল দিয়ে নেমে যায়। চার থেকে পাঁচ ফুট উপর দিয়ে পানি নামছিল। পানির স্রোতের মুখে দাঁড়ানোর কোনো উপায় ছিল না।
ইউপি চেয়ারম্যান বলছিলেন, “এজন্য মাছের আশা করে বিলে আর টাকা খরচ করে লোক নামাতে যাইনি। এই বিলের প্রায় ১০০ কোটি টাকার মাছের ক্ষতি হয়েছে।”
বৃষ্টি থামার পর শুক্রবার বিকালে কমলাপুর বিলে গিয়ে দেখা যায়, হাজার হাজার মানুষ জাল ফেলে মাছ ধরছেন। বৃহস্পতিবার রাত থেকেই মানুষ বিলপাড়ে জড়ো হতে থাকেন। যত মানুষ পানিতে, তত মানুষ বিলের পাড়ে।
কেউ পানিতে নেমে জাল ফেলে মাছ ধরছেন। কেউ মাছ নিয়ে আসছেন। অনেকে বস্তায় মাছ ভরে টেনে নিয়ে আসছেন। অনেকেই বরফ দিয়ে মাছ প্যাকেটে সংরক্ষণ করছেন। আর সেই সঙ্গে চলছে কেনাবেচার ধুম।
শনিবারও সকাল থেকে লোকজনকে মাছ ধরতে দেখা গেছে। ফেইসবুকে মাছ ধরার দৃশ্য দেখে সেখানে মাছ কিনতে দূর-দূরান্তের অনেকে ভিড় জমান। দুদিন ধরে কমলাপুর বিলে রীতিমতো মাছের মেলা বসে গেছে।
গোদাগাড়ী উপজেলা মৎস্য কর্মকর্তা বরুণ কুমার মণ্ডল বলেন, “এখানকার ভূমির গঠন একটু আলাদা। কোথাও উঁচু, কোথাও নিচু। কমলাপুর ও পলাশবাড়ি এলাকাটা একটু নীচে। চারদিকের পানি এই এলাকা দিয়ে নেমে বারোনই নদীতে গিয়ে পড়ে।
“ঢলের পানি এই দিক দিয়ে এমনভাবে নেমে এসেছে যে, ওই বিলের সব পুকুর ভেসে গেছে। বিলে প্রায় দুই থেকে আড়াই হাজার বিঘা এলাকায় শতাধিক পুকুর রয়েছে। এর ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও হিসাব করা হয়নি।”
কমলাপুর বিলের পাড়ে দাঁড়িয়ে কথা হচ্ছিল মোয়াজ্জেম হোসেনের সঙ্গে। বিলে তার ১০০ বিঘা জায়গাজুড়ে বেশ কয়েকটি পুকুর আছে। সব ভেসে গেছে। তিনি ছলছল চোখে বিলের পানির দিকে তাকিয়ে ছিলেন; ভাবলেশহীনভাবে মানুষের মাছ ধরার উৎসব দেখছিলেন।
তিনি বলছিলেন, “দুদিনের টানা ভারি বৃষ্টিতে আমার সব ভেসে গেছে। এই বিলের শতাধিক পুকুর ভেসে গেছে।”
উপজেলার প্রেমতলী গ্রামের আকবর আলী (৫০) জানান, তিনি ফাঁস জাল দিয়ে প্রায় ১০ মণ মাছ ধরেছেন। তার সঙ্গে তিনজন ছিলেন। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সারাদিনে তিনি এই মাছ ধরেছেন।
ফেইসবুকে পুকুর ভেসে যাওয়ার খবর দেখে তানোরের মুন্ডুমালা এলাকা থেকে কমলাপুর বিলে মাছ ধরতে এসেছেন শাহ আলী (৪২)। তিনি জানান, খেপলা জাল দিয়ে তিনি শুক্রবার বিকেল পর্যন্ত প্রায় তিন মণ মাছ ধরেছেন।
এ ছাড়া কমলাপুর গ্রামের মুকুল হোসেন (৪৫) খেপলা জাল দিয়ে শুক্রবার সারাদিনে ২০ কেজি মাছ ধরেছেন।
খেপলা জাল দিয়ে শুক্রবার সারাদিন প্রায় এক মণ মাছ ধরেছেন গোদাগাড়ীর কাজীহাটা গ্রামের পান্না মিয়া (৫২)।
দেখা গেছে, রাস্তায় সারি সারি মোটরসাইকেল রেখে মানুষ বিলের ধারে গিয়ে মাছ কিনছেন। তিন থেকে চার কেজি ওজনের রুই-কাতলা ১৫০ থেকে ২০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।
