কারাগারে পিন্টুর মৃত্যু: ১০ বছর পর হাসিনাসহ ২৭ জনের নামে মামলা
পিলখানা হত্যাকাণ্ডের মামলায় যাবজ্জীবন সাজাভোগের মধ্যে ২০১৫ সালের ৩ মে বিএনপির এই নেতা রাজশাহী কারাগারে মারা যান।
রাজশাহী কেন্দ্রীয় কারাগারে থাকা অবস্থায় সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা নাসির উদ্দিন আহমেদ পিন্টুর মৃত্যুর প্রায় ১০ বছর পর আদালতে হত্যা মামলা করা হয়েছে।
মামলায় আসামি হিসেবে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৭ জনের নাম উল্লেখ করা হয়েছে।
বুধবার দুপুরে পিন্টুর ভাই নাসিম আহমেদ রিন্টু (৫০) রাজশাহী মহানগর দায়রা জজ আদালতে মামলার আবেদন করেন বলে জানান বাদীপক্ষের আইনজীবী আবদুল মালেক রানা।
পরে বিচারক আল আসাদ মোহাম্মাদ আশিফুজ্জামান মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন বলে জানান তিনি।
শেখ হাসিনা ছাড়া মামলার অন্যতম আসামিরা হলেন- সাবেক সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, আসাদুজ্জামান কামাল, আনিসুল হক, হাজী মো. সেলিম, সোলায়মান সেলিম, ইরফান সেলিম, মনির হোসেন ওরফে কোম্পানি মনির ওরফে স্প্রিট মনির এবং এ এস শরিফ উদ্দিন ওরফে ব্ল্যাক শরিফ।
এ ছাড়া মামলায় তৎকালীন আইজিপি, আইজি প্রিজন, ঢাকা ও রাজশাহীর ডিআইজি প্রিজন, রাজশাহী কেন্দ্রীয় কারাগারের তৎকালীন জ্যেষ্ঠ জেল সুপার শফিকুল ইসলাম, জেলার শাহাদত হোসেন, কারা চিকিৎসক আবু সায়েম, কয়েদি রাব্বানী ও বিডিআর বিদ্রোহ মামলার তদন্ত কর্মকর্তা আবু কাহার আকন্দকে আসামি করা হয়েছে।
আইনজীবী আবদুল মালেক রানা বলেন, “দুপুরে আদালতে মামলার আবেদন করা হলে বিচারক আমাদের বক্তব্য শোনেন। তবে তাৎক্ষণিক কোনো আদেশ দেননি। পরে বিকালে অভিযোগটি পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।”
মামলার আবেদনের সময় আদালতে রিন্টুর সঙ্গে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, রাজশাহীর সাবেক সিটি মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহসম্পাদক শফিকুল হক মিলন, জেলা বিএনপির সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন তপু, নগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইটসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ছাত্রদলের সভাপতি থাকা অবস্থায় ২০০১ সালে ঢাকার লালবাগ-কামরাঙ্গীরচর আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন নাসির উদ্দিন পিন্টু। পরে বিএনপির সাংগঠনিক সম্পাদক হন তিনি। পিলখানা হত্যা মামলায় তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল।
এ ছাড়া অস্ত্র লুটের মামলায় তার ১০ বছরের কারাদণ্ড হয়েছিল। তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নির্বাচন করতে মনোনয়নপত্রও জমা দিয়েছিলেন। তবে আদালতে সাজা হওয়ায় মনোনয়নপত্র বাতিল হয়ে যায়।
২০১৫ সালের ২০ এপ্রিল পিন্টুকে নারায়ণগঞ্জ কারাগার থেকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। কয়েক দিন পর তিনি অসুস্থ বোধ করলে ২৬ এপ্রিল তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে তাকে আবার কারাগারে নেওয়া হয়।
আবার অসুস্থ হলে নিরাপত্তার কারণ দেখিয়ে চিঠি দিয়ে কারাগারে চিকিৎসক ডাকা হয়। চিঠি পেয়ে একজন চিকিৎসক গেলেও তাকে কারাগারে ঢুকতে দেওয়া হয়নি। ২০১৫ সালের ৩ মে দুপুরে কারাগার থেকে পিন্টুকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ কারণে নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারণ) আইন-২০১৩-এর ৭(১) ধারামতে আদালতে মামলার আবেদন করেন বাদী নাসিম আহমেদ রিন্টু।
তিনি বলেন, “আমার ভাইয়ের জনপ্রিয়তা ও বিএনপির প্রতি তার অবদানকে ভয় পেয়ে সেই সময় হাসিনা সরকার তাকে পরিকল্পিতভাবে পিলখানা মামলায় ফাঁসিয়ে সাজা দেয়। এরপর তাকে কারাগারে নিয়ে হত্যা করা হয়।”
