পিন্টুর মৃত্যু: বিচার বিভাগীয় তদন্ত দাবি বিএনপির
কারাগারে নাসির উদ্দিন আহম্মেদ পিন্টুর মৃত্যুর ঘটনার বিষয়ে সরকারের তদন্ত কমিটি ‘লোক দেখানো’ উল্লেখ করে বিচার বিভাগীয় তদন্ত দাবি জানিয়েছে বিএনপি।
শনিবার বিকালে পিন্টুর স্মরণে এক দোয়া মাহফিলে দলের স্থায়ী কমিটির সদস্য আসম হান্নান শাহ এই দাবি জানান।
তিনি বলেন, “রাজশাহী কারাগারে পিন্টু বিনা চিকিৎসায় মারা গেছে। মৃত্যুর দুই দিন আগেও একজন চিকিৎসক তাকে দেখতে কারাগারে গেলে কারা কর্তৃপক্ষ তার সঙ্গে দেখা করতে দেয়নি। আমরা স্পষ্টভাষায় বলতে চাই, পিন্টুর মৃত্যুর ঘটনায় যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তা লোক দেখানো একটি কমিটি। আমরা এই তদন্ত কমিটি প্রত্যাখ্যান করছি।”
একই সঙ্গে পিন্টুর মৃত্যুর ঘটনা তদন্তে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনেরও দাবি করেন হান্নান।
গত ৩ মে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পিন্টু হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। বিএনপি অভিযোগ করেছে, কারা কতৃর্পক্ষের অবহেলার কারণে পিন্টুর মৃত্যু হয়েছে।
তাদের অভিযোগের মধ্যেই ঢাকা বিভাগীয় ডিআইজি (প্রিজন) গোলাম হায়দারকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে কারা অধিদপ্তর।
বুধবার বিকালে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কাযার্লয়ের নিচ তলায় জাতীয়তাবাদী ছাত্র দলের উদ্যোগে বিএনপির প্রয়াত সহ-সাংগঠনিক সম্পাদক ও ছাত্র দলের সাবেক সভাপতি নাসির উদ্দিন আহম্মেদ পিন্টুর স্মরণে এই দোয়া ও মিলাদ মাহফিল হয়।
পিন্টুর প্রতি শ্রদ্ধা নিবেদন তার ছাত্রজীবনের কর্মময় স্মৃতির কথা তুলে ধরে আসম হান্নান শাহ বলেন, “জাতীয়তাবাদী আর্দশে উদ্বুদ্ধ পিন্টু তিলে তিলে বেড়ে উঠে জাতীয় সংসদের সদস্য নিবার্চিত হয়েছিলেন। আওয়ামী লীগ সব সময় তার প্রতি শত্রুর মতো আচরণ করেছে। তার মতো একজন একনিষ্ট নেতা কারাগারে বিনা চিকিৎসায় মৃত্যু কোনোভাবে মেনে নেওয়া যায় না। এর বিচার আল্লাহ অবশ্যই করবেন।”
আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন দেশের বর্তমান সংকট উত্তরণে সংলাপে বসার দাবি জানান।
দোয়া মাহফিলে বিএনপির সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, রফিক শিকদার, ছাত্র দলের সাবেক সহ-সভাপতি জাবেদ হাসান স্বাধীন, বর্তমান কমিটির সহসভাপতি এজমল হোসেন পাইলট, নাজমুল হাসান, উলামা দলের সভাপতি হাফেজ আবদুল মালেক প্রমূখ নেতৃবৃন্দসহ ছাত্রদলের দুই শতাধিক নেতাকর্মী অংশ নেন।
