মহিবুল্লাহ হত্যায় অংশ নেয় আরসার ১৫ জন, গুলি করেন নুর: র্যাব
২০২১ সালের ২৯ সেপ্টেম্বর রাতে কুতুপালং শরণার্থী শিবিরে গুলি করে হত্যা করা হয় আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর হিউম্যান রাইটসের সভাপতি মুহিব্বুল্লাহকে।
রোহিঙ্গা নেতা মাস্টার মোহাম্মদ মুহিবুল্লাহ হত্যাকাণ্ডে সশস্ত্র সংগঠন ‘আরসার কিলিং গ্রুপের’ ১৫ জনের একটি দল অংশ নেয় বলে জানিয়েছে র্যাব।
‘কিলিং গ্রুপের’ প্রধান নুর কামাল ওরফে সমি উদ্দিনকে গ্রেপ্তারের একদিন পর সোমবার দুপুরে র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ন দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
তিনি বলেন, “মিয়ানমারের সশস্ত্র সন্ত্রাসী সংগঠন আরসা প্রধান আতাউল্লাহ জুনুনির নির্দেশে কিলার গ্রুপের ১৫ জনের বেশি সদস্য মুহিবুল্লাহ হত্যায় অংশ নেয়। দুইদিন আগে পাশের একটি ক্যাম্পে গোপন সভায় মিশনে অংশগ্রহণকারীদের দায়িত্ব বণ্টন করে দেন নুর কামাল।
“ঘটনার সময় প্রথম যে তিনজন মুহিবুল্লাহর অফিসে প্রবেশ করে তাদের একজন ছিলেন নুর। আর মুহিবুল্লাহকে লক্ষ্য করে তিনিই প্রথম গুলি করেন”, যোগ করেন র্যাব কর্মকর্তা।
রোববার রাতে উখিয়া উপজেলার কুতুপালং ক্যাম্পে অভিযান চালিয়ে নুর কামাল ওরফে সমি উদ্দিনকে (৪৮) গ্রেপ্তার করে র্যাব। তিনি উখিয়ার বালুখালী ৭ নম্বর ক্যাম্পের বাসিন্দা। মুহিবুল্লাহ হত্যায় এই অভিযুক্তের বিরুদ্ধে উখিয়া ও নাইক্ষ্যংছড়ি থানায় হত্যা, অপহরণ ও অস্ত্র নিয়ন্ত্রণ আইনসহ নানা অভিযোগে ১৫টির বেশি মামলা আছে।
২০২২ সালের মধ্য নভেম্বরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী যৌথ অভিযানে সশস্ত্র হামলায় গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন এক কর্মকর্তা নিহত হন।
সংবাদ সম্মেলনে খন্দকার আল মঈন বলেন, নুর কামাল সেই হত্যাকাণ্ডে অংশ নেন। এ ছাড়া ক্যাম্পের হেড মাঝি শফিক, জসিম, সেলিম, নুর বশর, সালাম, কালাবদা, সলিম, রহিমুল্লাহ ও খালেদসহ আলোচিত ছয় খুনের ঘটনায়ও তার সম্পৃক্ততা রয়েছে।
নুর কামালের সঙ্গে আরসা প্রধানের নিয়মিত যোগাযোগ রয়েছে উল্লেখ করে র্যাব কর্মকর্তা জানান, আতাউল্লাহ জুনুনি এখন মিয়ানমারে অবস্থান করছেন।
নুর কামালকে গ্রেপ্তারের সময় আস্তানায় তল্লাশি চালিয়ে দেশি-বিদেশি কয়েকটি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা হবে বলে জানায় র্যাব।
২০২১ সালের ২৯ সেপ্টেম্বর রাতে কুতুপালং শরণার্থী শিবিরে নিজ কার্যালয়ে আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর হিউম্যান রাইটসের সভাপতি মাস্টার মুহিব্বুল্লাহ সন্ত্রাসীদের গুলিতে নিহত হন।
উখিয়া থানা পুলিশ ২০২২ সালের ১৩ জুন ২৯ জনের নামে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে অভিযোগপত্র দেয়। অভিযুক্তদের মধ্যে কয়েকজন আরসা নেতাও রয়েছেন। মামলাটি বর্তমানে সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে।
