পাবিপ্রবির পরিবহন পুলে নষ্ট হচ্ছে কোটি টাকার গাড়ি
পাজেরো, এভেঞ্জার, বাসসহ বেশ কয়েকটি দামি গাড়ি বছরের পর বছর ধরে পড়ে থাকায় চুরি হয়ে গেছে অনেক যন্ত্রাংশ।
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের পেছনে পড়ে থেকে নষ্ট হচ্ছে কোটি টাকার তিনটি গাড়ি।
গাড়িগুলোর মধ্যে আছে পাজেরো জিপ, টয়োটার আভানজা ও বাস। বছরের পর বছর ধরে পড়ে থাকায় চুরি হয়ে গেছে গাড়ির অনেক যন্ত্রাংশও।
কোটি টাকা মূল্যের এসব গাড়ি ফেলে না রেখে ব্যবহার উপযোগী করে বিশ্ববিদ্যালয়ের কাজে লাগানোর দাবি শিক্ষার্থীদের।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের প্রশাসক রাহিদুল ইসলাম রাহী বলেন, “গাড়িগুলো দীর্ঘদিন ধরে ব্যবহার না করায় অনেক যন্ত্রাংশই নষ্ট হয়ে গেছে। এর মধ্যে পাজেরো গাড়িটির ইঞ্জিনে, আভানজা গাড়িটির গিয়ার বক্সে ও শিক্ষার্থীদের বাসটির বডি ফিটনেসে সমস্যা আছে। কিন্তু টাকার অভাবে গাড়িগুলো মেরামত করা যাচ্ছে না। সরকার একটি গাড়ি মেরামত করার জন্য যে টাকা বিশ্ববিদ্যালয়কে দেয়, সে টাকা দিয়ে গাড়ি মেরামত করা সম্ভব না।”
আগের পরিবহন প্রশাসকের কিছুটা অবহেলার কারণে এমনটি হয়েছে বলে দাবি রাহিদুল ইসলামের।
গাড়িগুলোর যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে বিশ্ববিদ্যালয়ের অর্থ-সম্পদ অপচয়ের পাশাপাশি শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।
তিনটি গাড়ি মেরামত না করে ফেলে রাখাকে বিশ্ববিদ্যালয় এবং সরকারি কোষাগারের অর্থের অপচয় বলেও দাবি শিক্ষার্থীদের।
পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হামিদুর রহমান শামীম বলেন, “এভাবে তিনটি গাড়ি ফেলে রাখা দুঃখজনক। এই গাড়িগুলোর টাকা সরকারি কোষাগার থেকে এসেছে। গাড়িগুলো এভাবে ফেলে রেখে আমরা সরকারি টাকা নষ্ট করছি। এখানে প্রশাসনের পরিকল্পনার অভাব আছে। সঠিক পরিকল্পনা থাকলে গাড়িগুলো এভাবে নষ্ট হতো না।”
ইতিহাস ও বাংলাদেশ স্টাডিজ বিভাগের শিক্ষার্থী খালেদ আহমেদ রনি বলেন, “বিশ্ববিদ্যালয়ে এমনিতেই বাস সংকটে কষ্ট করে শিক্ষার্থীদের যাতায়াত করতে হয়। অথচ প্রশাসনের উদাসীনতায় বাস নষ্ট হচ্ছে, বিষয়টা হতাশাজনক।”
বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কামাল হোসেন বলেন, “আমরা ইতোমধ্যে পাজেরো ও এভেঞ্জা গাড়ি দুটি মেরামতের জন্য ইউজিসির কাছে আবেদন করেছি। অনুমতি না আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে।”
