২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিপক্ষকে ফাঁসাতে হত্যা-লাশ গুমের মামলা, যুবক গ্রেপ্তার

ছেলেকে হত্যা-অপহরণের ঘটনায় মাদারীপুর সদর মডেল থানায় মামলা করেছিলেন মা।

প্রতিপক্ষকে ফাঁসাতে হত্যা-লাশ গুমের মামলা, যুবক গ্রেপ্তার
মাদারীপুরের আলাউদ্নি বেপারী।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2025, 07:37 PM

Updated : 10 Sep 2026, 12:38 PM

মাদারীপুরে ছেলেকে হত্যা করে লাশ গুমের অভিযোগ এনে মা মামলা করেছিলেন প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। দুদিন পর আত্মগোপনে থাকা সেই ছেলেকে চট্টগ্রাম থেকে উদ্ধার করেছে পুলিশ। 

পুলিশ জানায়, সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের শ্রীনাথদী গ্রামের মলফত বেপারীর স্ত্রী রানু বেগম তার ছেলে আলাউদ্দিন বেপারীকে (২৫) হত্যা করে লাশ গুমের অভিযোগে শনিবার মামলা করেছিলেন। 

সদর মডেল থানা পুলিশ তদন্তে নেমে তথ্য-প্রযুক্তির সহায়তায় চট্টগ্রামের পতেঙ্গা থানা থেকে সোমবার রাতে আত্মগোপনে থাকা আলাউদ্দিনকে গ্রেপ্তার করে। 

মাদারীপুর সদর মডেল থানার ওসি মো. মোকছেদুর রহমান বুধবার বিকালে বলেন, মঙ্গলবার সন্ধ্যায় তাকে মাদারীপুর নিয়ে আসা হয়। বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

হত্যা ও গুমের মামলায় বলা হয়েছিল, ১ এপ্রিল প্রতিবেশী ইলিয়াস মোল্লাসহ বেশ কয়েকজন মলফত বেপারীর ঘরে প্রবেশ করে। পরে ঘরের আলমিরা ভেঙে কয়েক লাখ টাকা ও স্বর্ণালঙ্কার লুটপাট করে তারা। এ সময় আলাউদ্দিনকে তারা তুলে নিয়ে যায়। বাধা দিলে তার মা রানু বেগমকে পিটিয়ে আহত করা হয়। পরে আলাউদ্দিনকে হত্যা করে লাশ গুম করে হামলাকারীরা। 

শনিবার রানু বেগম ১৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পাঁচ থেকে সাতজনকে আসামি রেখে মামলাটি করেন। এরপর তদন্তে নামে পুলিশ। 

আসামি ইলিয়াস মোল্লা হত্যা ও গুমের নাটক সাজানোয় রানু বেগম ও তার ছেলে আলাউদ্দিন বেপারীর বিচার দাবি করেছেন।