০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

নওগাঁর ধামইরহাটে নিখোঁজ শিশুর লাশ মিলল বদলগাছীর নদীতে

শিশুটির বাবা বলেন, “বুধবার দুপুরের দিকে স্বাধীন নিখোঁজ হয়। নদীর পাশে আমার বাড়ি হওয়ায় ইসবপুর ব্রিজ পর্যন্ত অনেক বার নদীতে খুঁজেছি।”

নওগাঁর ধামইরহাটে নিখোঁজ শিশুর লাশ মিলল বদলগাছীর নদীতে
নওগাঁর বদলগাছী উপজেলার ছোট যমুনা নদী।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2024, 11:07 AM

Updated : 26 Aug 2026, 09:44 AM

নওগাঁর বদলগাছী উপজেলার ছোট যমুনা নদী থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিন বছর বয়সী শিশুটি দুই দিন আগে ধামুইরহাট উপজেলা থেকে  নিখোঁজ হয়েছিল। 

শুক্রবার দুপুরে বদলগাছী উপজেলার ডাকবাংলো মোড়ের সালকালি এলাকার নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন বদলগাছী থানার ওসি মাহবুবুর রহমান। 

নিহত শিশু স্বাধীন জেলার ধামুইরহাট উপজেলার ইসবপুর ইউনিয়নের চকচৈতন‍্য গ্রামের জুয়েলের ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা বলেন, দুপুর ১টার দিকে এলাকার নারীরা নদীতে ভাসমান মরদেহটি দেখতে পায়। তাদের কথা শুনে জেলেরা সঙ্গে সঙ্গে নদীতে নেমে শিশুর মরদেহটি নদীর পাড়ে তুলে আনে। 

এরপর পুলিশকে বিষয়টি জানালে এসআই নিহার চন্দ্র পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন। 

পরে স্থানীয় গণমাধ‍্যম কর্মীদের দ্বারা বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক ও আশেপাশের বিভিন্ন এলাকায় খোঁজখবর করলে শিশুটির পরিচয় মিলে। 

ঘটনাস্থল থেকে শিশুটির বাড়ি প্রায় ২৫ কিলোমিটার দূরে বলে জানিয়েছে স্থানীয়রা। 

স্বাধীনের বাবা জুয়েল বলেন, “স্বাধীনের বয়স তিন বছর দুই মাস। বুধবার দুপুরের দিকে সে নিখোঁজ হয়। নদীর পাশে আমার বাড়ি হওয়ায় ইসবপুর ব্রিজ পর্যন্ত অনেক বার নদীতে খুঁজেছি। না পেয়ে বৃহস্পতিবার এলাকায় মাইকিংও করা হয়। 

“হঠাৎ আজ (শুক্রবার) বদলগাছী থেকে পরিচিত জনের মাধ্যমে জানতে পারি এখানে একটি বাচ্চার লাশ পাওয়া গিয়েছে এবং এসে দেখি আমার ছেলের লাশ।”

এ ব্যাপারে বদলগাছীর ওসি মাহবুবুর রহমান বলেন, নিহত শিশুর লাশ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।