১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিয়োগের স্থগিতাদেশ ফের প্রত্যাহার

সাবেক উপাচার্য এম. আব্দুস সোবহানের বিরুদ্ধে স্বজনপ্রীতির মাধ্যমে নিজের মেয়ে ও জামাতাকে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়ার অভিযোগ ওঠে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিয়োগের স্থগিতাদেশ ফের প্রত্যাহার
রাজশাহী বিশ্ববিদ্যালয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2024, 01:57 AM

Updated : 10 Sep 2026, 12:09 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সব ধরনের নিয়োগের স্থগিতাদেশ আবারও প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিশ্ববিদ্যালয় অধিশাখা-২ এর যুগ্ম সচিব মো. পারভেজ হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সিদ্ধান্তটি জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের স্মারক নম্বর উল্লেখ করে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিধিবিধান ও নীতিমালা অনুসরণপূর্বক সুষ্ঠুভাবে নিয়োগ কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হয়।

এর আগেও ২০২৩ সালের ২৫ জুলাই অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সমুন্নত রাখার স্বার্থে সব ধরনের নিয়োগের স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়। ২০২২ সালের ১২ অক্টোবর রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

তবে নিষেধাজ্ঞার আদেশ প্রত্যাহারের তিন মাস পর শিক্ষা মন্ত্রণালয় এক চিঠিতে জানায়, নিয়োগে অনিয়মের বিষয়ে হাইকোর্ট ডিভিশনে রিট পিটিশন মামলা চলমান। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন সেটি গোপন করেই নিয়োগের স্থগিতাদেশ প্রত্যাহারের আবেদন করে। 

তথ্য গোপন করে কেন সেই আবেদন করা হয়েছিল, তার ব্যাখ্যা জরুরি ভিত্তিতে পাঠানোর জন্য নির্দেশ দেওয়া হয়। 

এ ছাড়া রিট পিটিশন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জারি করা প্রত্যাহার আদেশ স্থগিত করা হয় এবং ওই রিট পিটিশনটি নিষ্পত্তির যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এম. আব্দুস সোবহানের বিরুদ্ধে শিক্ষক নিয়োগ নীতিমালা শিথিল ও স্বজনপ্রীতির মাধ্যমে নিজের মেয়ে ও জামাতাকে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়ার অভিযোগ ওঠে। 

তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০২০ সালের ১০ ও ১৩ ডিসেম্বর পৃথক ১২টি নোটিশের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের নিয়োগের ওপর নিষেধাজ্ঞা জারি করে শিক্ষা মন্ত্রণালয়।

অপর একটি চিঠিতে বিশ্ববিদ্যালয় শিক্ষক নিয়োগের জন্য নতুন নীতিমালা তৈরি করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়। 

মন্ত্রণালয়ের নির্দেশ অনুসারে ২০২২ সালের সেপ্টেম্বরে বিশ্ববিদ্যালয়ের ৫১৬তম সিন্ডিকেট সভায় নতুন নিয়োগ নীতিমালা প্রণয়ন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিষয়টি সম্পর্কে এর মধ্যে জেনেছি। তবে অফিশিয়ালি আমাদের হাতে এখনো কোনো চিঠি আসেনি। আসলে আমরা তা অবশ্যই অবগত করব।"

আগের সংবাদ

রাবি উপাচার্যের 'দুর্নীতি', নিয়োগ স্থগিতের নির্দেশ মন্ত্রণালয়ের