সিরাজগঞ্জ-পাবনা রেললাইনে ৩ স্থানে ফাটল, দুটি মেরামত
এই রেলপথে যমুনা রেলসেতু হয়ে প্রতিদিন প্রায় ৩৮ জোড়া ট্রেন ঢাকা এবং উত্তর ও দক্ষিণাঞ্চলের মধ্যে চলাচল করে।
সিরাজগঞ্জ ও পাবনার ঈশ্বরদী রেলপথের তিনটি স্থানে লাইনের সংযোগস্থলে ফাটল দেখা দিয়েছে, এর মধ্যে দুটি স্থানের ফাটল মেরামত করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে ও রাতে এ তিন স্থানে ফাটল ধরার বিষয়টি রেলওয়ে কর্তৃপক্ষের নজরে আসে।
রাতে এই প্রতিবেদন লেখার সময় বাকি জায়গার ফাটল মেরামতের কাজ চলছিল।
রাত ১০টার দিকে সিরাজগঞ্জ বাজার রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী (পথ) বাকি উল্লাহ বলেন, সকালে পাবনার দিলপাশার এলাকায় রেললাইনের একটি সংযোগস্থলে ওপরের অংশে ফাটল দেখা দেয়। তাৎক্ষণিক সেটি মেরামত করা হয়েছে।
এরপর রাতে সিরাজগঞ্জের উল্লাপাড়া ও পাবনার মুলাডুলি এলাকায় রেললাইনের দুইটি স্থানে একই ধরনের ফাটল দেখা দেয়। দ্রুত সেখানে মেরামত ও পাহারার ব্যবস্থা করা হয়।
তিনি বলেন, রাত ১০টার দিকে মুলাডুলি এলাকার লাইন মেরামত কাজ শেষ হয়েছে। উল্লাপাড়ার ফাটল স্থানে মেরামত কাজ চলছে। রাতেই শেষ হবে।
এই রেলপথে যমুনা রেলসেতু হয়ে প্রতিদিন প্রায় ৩৮ জোড়া ট্রেন ঢাকা এবং উত্তর ও দক্ষিণাঞ্চলের মধ্যে চলাচল করে।
