২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

একে একে ভেসে উঠল ভাই-বোনসহ ৩ শিশুর মরদেহ

স্থানীয়দের ধারণা, পুকুরের পাশে থাকা খেজুর গাছ থেকে পানিতে ঝরে পড়া খেজুর তুলে আনতে গিয়ে তিন শিশু পানিতে তলিয়ে যায়।

একে একে ভেসে উঠল ভাই-বোনসহ ৩ শিশুর মরদেহ
ময়মনসিংহের ফুলপুর উপজেলার রূপসী ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামে পুকুরের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2024, 07:06 PM

Updated : 26 Aug 2026, 09:46 AM

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার রূপসী ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফুলপুর থানার ওসি মো. মাহবুবুর রহমান। 

মারা যাওয়া শিশুরা হল- ওই গ্রামের রফিকুল ইসলামের মেয়ে সানিয়া আক্তার (৮) ও ছেলে মেহেদী হাসান (৬) এবং মন্নাছ আলীর মেয়ে নূসরাত জাহান (৮)। 

স্থানীয়দের বরাতে রূপসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ সুলতান চৌধুরী বলেন, দুপুরে স্থানীয় একজন পুকুরের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় এক শিশুর মরদেহ পানিতে ভাসতে দেখে। তাকে উদ্ধার করতে নামলে একে একে ভেসে উঠে আরও দুই শিশুর লাশ। 

স্থানীয়দের ধারণা, পুকুরের পাশে থাকা খেজুর গাছ থেকে পানিতে ঝরে পড়া খেজুর তুলে আনতে গিয়ে তিন শিশু পানিতে তলিয়ে যায়। 

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে বলেও জানান এই জনপ্রতিনিধি। 

ওসি মো. মাহবুবুর রহমান বলেন, “পানিতে ডুবে তিন শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। বিষয়টি খুব হৃদয় বিদারক।”