হেফাজতে যুবদল নেতা তৌহিদুল নিহত: কুমিল্লায় ৬ জনের নামে হত্যা মামলা
জমিজমার বিরোধের জেরে আসামিরা তৌহিদুলকে অপহরণের পর মারধর করে হত্যা করেন বলে মামলায় উল্লেখ করেছেন বাদী।
কুমিল্লায় যৌথ বাহিনীর হাতে আটকের পর ‘নির্যাতনে’ যুবদল নেতা তৌহিদুল ইসলাম নিহতের ঘটনায় ছয়জনের নামে হত্যা মামলা হয়েছে।
বুধবার সকালে তৌহিদুলের স্ত্রী ইয়াসমিন নাহার বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলাটি করেন বলে জানান কুমিল্লা কোতোয়ালি থানা ওসি মহিনুল ইসলাম।
মামলায় ছয়জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে। জমিজমার বিরোধের জেরে আসামিরা তৌহিদুলকে অপহরণের পর মারধর করে হত্যা করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
আসামিরা হলেন- কুমিল্লা সদর উপজেলার পাণ্ডানগর এলাকার মো. সাইফুল ইসলাম (৪৫), ইটাল্লা এলাকার তানজিল উদ্দিন (৩৫), নাজমুল হাসান টিটু (৩০), খায়রুল হাসান মাহফুজ (৩৫), সাইদুল ইসলাম সবুজ (৪৫) এবং বামইল এলাকার সোহেল (৩৮)।
ওসি মহিনুল বলেন, মঙ্গলবার রাতে তৌহিদুলের স্ত্রী ইয়াসমিন ছয়জনের নাম উল্লেখ করে থানায় একটি অভিযোগ করেন। সকালে সেটিকে মামলা হিসেবে আমলে নেওয়া হয়।
আসামিরা ঘটনার পর থেকে পলাতক রয়েছেন; তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলে জানান তিনি।
নিহত তৌহিদুল ইসলাম (৪০) কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের ইটাল্লা গ্রামের বাসিন্দা। তিনি কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ছিলেন।
তৌহিদুল চট্টগ্রাম বন্দরে একটি শিপিং এজেন্টে চাকরি করতেন। তার স্ত্রী ও চার মেয়ে আছে।
এর আগে সোমবার রাতে তৌহিদুলের পরিবারের সদস্যরা কুমিল্লা সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং-জিওসি মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিকের সঙ্গে দেখা করেন।
এ সময় সেনাবাহিনীর পক্ষ থেকে ঘটনায় সুষ্ঠু তদন্ত ও জড়িত ব্যক্তিদের শাস্তি নিশ্চিতের পাশাপাশি তৌহিদুলের পরিবারকে সব ধরনের সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানান তার বড় ভাই আবুল কালাম আজাদ।
গত ৩০ জানুয়ারি যৌথ বাহিনীর পরিচয়ে কুমিল্লার পাঁচথুবীর বাড়ি থেকে যুবদল নেতা তৌহিদুল ইসলামকে তুলে নিয়ে যাওয়া হয়। পরদিন দুপুরে গোমতীর বেরিবাঁধ থেকে আহত অবস্থায় তাকে উদ্ধার করে পুলিশ। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।
