২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

উখিয়ায় পৃথক স্থানে দুই সহকর্মীর ঝুলন্ত লাশ, পুলিশের ধারণা ‘আত্মহত্যা’

পুলিশ বলছে, তারা আন্তর্জাতিক বেসরকারি সংস্থা ‘আরটিএম ইন্টারন্যাশনালের’ কর্মী হিসেবে রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত ছিলেন।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2024, 03:40 PM

Updated : 26 Aug 2026, 10:37 AM

কক্সবাজারের উখিয়ার পৃথক স্থান থেকে দুই এনজিও কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে; যারা একই প্রতিষ্ঠানে কাজ করতেন বলে জানিয়েছে পুলিশ।

উখিয়া থানার ওসি মো. আরিফ হোছাইন জানান, মঙ্গলবার সকালে উপজেলা সদর থেকে মৃতদেহ দুটি উদ্ধার করেন তারা।

মৃতরা হলেন-পটুয়াখালী জেলার বাউফল উপজেলার মাঝপাড়ার মোজাম্মেল হকের ছেলে মেহেরাব হোসেন (৩০) ও হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার কসবা এলাকার সুখলাল দেবের মেয়ে পপি দেব (২৭)।

তারা দুজনই আন্তর্জাতিক বেসরকারি সংস্থা ‘আরটিএম ইন্টারন্যাশনালের’ কর্মী হিসেবে রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত ছিলেন।

তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

স্থানীয়দের বরাতে ওসি বলেন, “সকাল ৯টার দিকে রাজাপালং ইউনিয়ন পরিষদ সংলগ্ন রহমত উল্লাহ নামে এক ব্যক্তির মালিকানাধীন ভাড়া বাসায় এক যুবক আত্মহত্যা করেছে বলে খবর দেয় স্থানীয়রা।

“পরে পুলিশ গিয়ে ফ্যানের সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় মেহেরাবের লাশটি উদ্ধার করে।”

এরপর সকাল সাড়ে ১০টার দিকে বঙ্গমাতা শেখ ফজিলাতুনেচ্ছা সরকারি মহিলা কলেজ সংলগ্ন এলাকায় ভাড়া বাসা থেকে পপির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়।

তার লাশটিও ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

দুজনই আত্মহত্যা করেছেন বলে ধারণা ওসির। তবে এ ঘটনার কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।