কুষ্টিয়ায় প্রতারিত ৫০০ মানুষ, নিখোঁজ পাঁচজনসহ গ্রেপ্তার ৮
প্রায় ১০ কোটি টাকা তারা সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নিয়েছে
অধিক মুনাফার লোভ দেখিয়ে কুষ্টিয়ায় পাঁচ শতাধিক গ্রাহকের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে আটজনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে র্যাব। এর মধ্যে মাদ্রাসা শিক্ষকসহ পাঁচজন দুদিন ধরে নিখোঁজ ছিলেন বলে পরিবার জানিয়েছে।
শনিবার বেলা সাড়ে ১১টায় র্যাব-১২ সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে গ্রেপ্তার আটজনকে হাজির করেন।
এ সময় তিনি জানান, মাল্টি লেভেল মার্কেটিং (এমএলএম) ব্যবসার মাধ্যমে স্বল্প বিনিয়োগে অধিক মুনাফার লোভ দেখিয়ে সান রাইজ বিজনেস সার্ভিসেস লিমিটেড (এসবিএসএল) প্রতিষ্ঠানটির কর্মকর্তারা অন্তত ১০ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- ঝিনাইদহের শৈলকুপা উপজেলার চরআওশিয়া গ্রামের মনিরুল ইসলামের ছেলে এসবিএসএলের চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন (২৯), ঝিনাইদাহের মহেষপুর উপজেলার আব্দুল গফুরের ছেলে এসবিএসএলর ব্যবস্থাপনা পরিচালক মহসীন আলী (৩১) এবং কুমারখালীর গোবরা গ্রামের তোফাজ্জেল হোসেনের ছেলে পরিচালক (অর্থ) মো. ইমরান হোসেন (২৮), কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বেতবাড়িয়া গ্রামের বাসিন্দা জলিল বিশ্বাসের ছেলে হাসান আলী (২৮), মহেন্দ্রপুর গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে আব্দুল হান্নান (৪৩), ওয়াশী গ্রামের লিয়াকত আলীর ছেলে মো. মোস্তফা রাশেদ পান্না (৪৭), বাঁশগ্রামের মৃত আলাউদ্দিন বিশ্বাসের ছেলে আইয়ুব আলী (২৮), বহলবাড়িয়া গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে মো. হাফিজুর রহমান (২৮)।
বাঁশগ্রামের আইয়ুব আলীর বড় ভাই মিজানুর রহমান দাবি করেন, “বৃহস্পতিবার রাত ১টার সময় সাদাপোশাক পরিহিত কয়েকজন বাড়ি থেকে মাদ্রাসা শিক্ষক আইয়ুব আলীকে তুলে নিয়ে আসে। পরে সংবাদ পাই উপজেলার বিভিন্ন স্থান থেকে আরও চারজনকে তুলে নিয়ে এসেছে।”
তিনি আরও দাবি করেন, জানা মতে, তার ভাইয়ের বিরুদ্ধে কোনো মামলা নেই।
এদিকে সংবাদ সম্মেলনে র্যাবের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান লিখিত বক্তব্যে বলেন, “এসবিএসএল কোম্পানির শীর্ষ তিন ব্যক্তি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে আল কোরআন ও ফিকাহ শাস্ত্রে পড়াশোনা শেষ করেন।
“তারপর তারা কুমারখালী ও শৈলকুপা উপজেলার বিভিন্ন মাদ্রাসায় শিক্ষকতা করেন। তৃণমূল পর্যায়ের সাধারণ গ্রাহকদের কাছে হুজুর হিসেবে পরিচিত হওয়ায় খুব সহজেই তারা প্রতারণা করে টাকা সংগ্রহ ও আত্মসাত করতে সক্ষম হয়েছিলেন।”
র্যাব কর্মকর্তা আরও জানান, গ্রাহকরা প্রতারণার অভিযোগ এনে কুষ্টিয়ার মিরপুর ও কুমারখালী থানায় বেশ কয়েকটি মামলা করেন। এসব মামলায় কুষ্টিয়ার বিভিন্ন স্থান থেকে প্রথমে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী, ঢাকার মিরপুর থেকে কোম্পানির শীর্ষ তিন কর্মকর্তাকে গ্রেপ্তার করে র্যাব।
এ সময় তিনি আরও বলেন, প্রত্যেককে সুনির্দিষ্ট মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
