সিরাজগঞ্জে মসজিদের পুকুরে মাছ ধরা নিয়ে সংঘর্ষে যুবক নিহত
এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় মসজিদের পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও ১০ জন।
রোববার সকাল ৮টার দিকে উপজেলার মোহনপুর ইউনিয়নের এলংজানি গ্রামে এ ঘটনায় জড়িত সন্দেহে নয়জনকে আটক করা হয়েছে বলে সহকারী পুলিশ সুপার (উল্লাপাড়া সার্কেল) অমৃত কুমার সূত্রধর জানান।
নিহত জামাল উদ্দিন প্রমাণিক (৩৮) ওই গ্রামের মোশারফ হোসেনের ছেলে।
সহকারী পুলিশ সুপার বলেন, মসজিদের পুকুর লিজ নেওয়াকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে গ্রামের দুপক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। একটি পক্ষ পুকুরটি লিজ নিয়ে মাছ চাষ করেছিল। এ অবস্থায় অন্য পক্ষটি রোববার পুকুরে মাছ ধরতে এলে প্রতিপক্ষ তাতে বাধা দেয়। এ সময় দুপক্ষের সংঘর্ষে দেশীয় অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই জামাল মারা যান।
“ধারণা করা হচ্ছে, মারামারির প্রস্তুতি নিয়েই একটি পক্ষ পুকুরে মাছ ধরতে এসেছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।”
আহতদের মধ্যে মুকুল (৪৫), শাহ আলম (৪৮), মোশারফ হোসেন (৭০), ইমরান হোসেন (২৩) ও জুলমতকে (৬০) সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
