২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আখাউড়ায় ছুরিকাঘাতে পুলিশ সদস্য আহত

সেলিম নামের এক মাদক কারবারি এ হামলা চালায় বলে পুলিশের ভাষ্য।

আখাউড়ায় ছুরিকাঘাতে পুলিশ সদস্য আহত

প্রতীকী ছবি।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2023, 12:22 AM

Updated : 06 May 2023, 01:14 AM

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অভিযানে গিয়ে ‘মাদক কারবারির’ ছুরিকাঘাতে এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। 

শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের শিবনগর গ্রামে এ ঘটনা ঘটে। 

৩৫ বছর বয়সী কনস্টেবল খায়রুল ইসলামকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে বলে জানিয়েছেন আখাউড়া থানার ওসি আসাদুল ইসলাম।

ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, “গোপন খবরের ভিত্তিতে এসআই জাকির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল শিবনগর গ্রামের চিহ্নিত মাদক কারবারি সেলিম মিয়ার বাড়িতে মাদক উদ্ধার অভিযানে যায়। এসময় সেলিম পুলিশ সদস্যদের ওপর অতর্কিতভাবে হামলা চালায়।

“সেলিম কনস্টেবল খায়রুলের পেটে ও মাথায় ছুরিকাঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।” 

খায়রুলকে প্রথমে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় জানিয়ে ওসি বলেন, “সেখান থেকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।” 

মাদক কারবারি সেলিমকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে বলে জানান তিনি।