২৪ অক্টোবর ২০২৬, ০৯ কার্তিক ১৪৩৩

গলাচিপায় ইলিশ সংরক্ষণ অভিযানে হামলা, পুলিশসহ আহত ২

পটুয়াখালীর গলাচিপার পানপট্টি লঞ্চঘাট থেকে আগুনমুখা, তেতুলিয়া ও বুড়া গৌড়ঙ্গ নদীতে মা ইলিশ শিকারের খবর পেয়ে অভিযান করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 24 Oct 2026, 12:34 PM

Updated : 24 Oct 2026, 12:34 PM

পটুয়াখালীর গলাচিপায় বুড়াগৌড়ঙ্গ নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে জেলেদের হামলায় এক পুলিশ সদস্যসহ দুজন আহত হয়েছেন।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার রতনদী-তালতলী ইউনিয়ন সংলগ্ন বুড়াগৌড়ঙ্গ নদীদে হামলার এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন গলাচিপা থানার ওসি মো. ইমতিয়াজ আহমেদ।

আহতরা হলেন, পুলিশ কনস্টেবল মো. জসিম উদ্দিন ও স্পিডবোট চালক মো. শাহজালাল।

উপজেলা জেষ্ঠ্য মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন বলেন, গলাচিপার পানপট্টি লঞ্চঘাট থেকে আগুনমুখা, তেতুলিয়া ও বুড়া গৌড়ঙ্গ নদীতে অবৈধভাবে মা ইলিশ শিকারের খবর পেয়ে শুক্রবার বিকাল থেকে ট্রলার ও স্পিডবোট নিয়ে পুলিশ সদস্যদের সমন্বয়ে অভিযান শুরু হয়।

এর মধ্যে বুড়াগৌড়াঙ্গ নদীতে একটি ট্রলারে ১০ থেকে ১২ জন জেলে অবৈধভাবে মা ইলিশ শিকার করছিল। তারা নদীতে জাল ফেলে কোথাও লুকিয়ে ছিল।

“জালগুলো জব্দ করার সময় হঠাৎ করে দ্রুতগামী একটি ট্রলার বিপরীত দিক থেকে এসে কোনো কিছু বুঝে ওঠার আগেই হামলা চালায়। সন্ধ্যা হওয়ায় আমরা কাউকে চিনতে পারিনি।”

এ সময় একজন পুলিশ সদস্য ও স্পিডবোট ড্রাইভার মারাত্মক আহত হয়েছেন।

ওসি ইমতিয়াজ বলেন, জেলেদের হামলায় আহত এক পুলিশ সদস্যসহ দু’জনকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

হামলাকারীদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।