নরসিংদীতে রেললাইনের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার
আনুমানিক ২৫ বছর বয়সী যুবকের পরনে ছিল হালকা নীল রংয়ের ফুলহাতা গেঞ্জি এবং সাদা-কালো চেকের ট্রাউজার।
নরসিংদীর রায়পুরায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় মেথিকান্দা রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন নরসিংদী রেলওয়ে ফাঁড়ির (ইনচার্জ) এসআই মোহাম্মদ শহীদুল্লাহ।
আনুমানিক ২৫ বছর বয়সী যুবকের পরনে ছিল হালকা নীল রংয়ের ফুলহাতা গেঞ্জি এবং সাদা-কালো চেকের ট্রাউজার। তার কপাল ও হাঁটুতে আঘাতের চিহ্ন রয়েছে।
এসআই শহীদুল্লাহ বলেন, মঙ্গলবার সকালে মেথিকান্দা রেলস্টেশনের ২০০ গজ দূরে রেললাইনের পাশে মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা মেথিকান্দা স্টেশনের মাস্টার আশরাফ আলীকে বিষয়টি জানালে তিনি রেলওয়ে পুলিশকে খবর দেন।
খবর পেয়ে বেলা সাড়ে ১১টায় রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। সুরতহাল প্রতিবেদন তৈরির পর তার মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এসআই শহীদুল্লাহ আরও বলেন, ধারনা করা হচ্ছে সোমবার রাত ২টা থেকে মঙ্গলবার ভোর ৬টার মধ্যে ঢাকা থেকে ছেড়ে আসা কোনো ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে। তার পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে।
