আইইডিসিআর পরিচালককে মারধর: ড্যাব থেকে জাহিদ হোসেন বহিষ্কার
তদন্তে ঘটনার সত্যতা পাওয়ায় তাকে বহিষ্কার করা হয়েছে, বলছে সংগঠনটি।
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালককে মারধরের ঘটনায় ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-আইন বিষয়ক সম্পাদক (ড্যাব) চিকিৎসক জাহিদ হাসানকে সংগঠনটি থেকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার রাতে বিএনপিপন্থি চিকিৎসকদের এ সংগঠনটির এক বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কারের কথা বলা হয়েছে।
সেখানে লেখা হয়, “বুধবার সকালে আইইডিসিআর পরিচালকের কক্ষে সংঘটিত অপ্রীতিকর ঘটনায় জাহিদ হাসানের সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। তদন্তে ঘটনার সত্যতার প্রমাণ পাওয়ায় তাকে ড্যাব থেকে বহিষ্কার করা হয়েছে।”
বহিষ্কারের আগে চিকিৎসক জাহিদ হাসানের পদ সাময়িকভাবে স্থগিত করে সংগঠনটি। তাকে কারণ দর্শানো নোটিসও দেওয়া হয়।
বুধবার আইইডিসিআর কার্যালয়ে ঢুকে পরিচালক কাজী আহমেদ জাকিরকে মারধর করা হয়। ড্যাবের কর্মীদের বিরুদ্ধে এ অভিযোগ ওঠে।
এক যৌথ বিবৃতিতে ড্যাব সভাপতি অধ্যাপক হারুন আল রশীদ ও মহাসচিব মো. জহিরুল ইসলাম শাকিল আইইডিসিআরের পরিচালকের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন।
বিবৃতিতে বলা হয়, “ড্যাব কোনো বিশৃঙ্খলা বা অস্থিতিশীল পরিস্থিতিকে সমর্থন করে না। সাংগঠনিক শৃঙ্খলা, নীতি, আদর্শ ও শান্তিপূর্ণ পরিবেশ রক্ষায় ড্যাব সর্বদা দৃঢ়প্রতিজ্ঞ। একইসাথে কোনো ব্যক্তির অসাংগঠনিক কাজের দায় ড্যাবের ওপর বর্তায় না। ড্যাব কোনো ব্যক্তির সংগঠন পরিপন্থি কর্মকাণ্ড বরদাস্ত করবে না।”
মারধরের ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
