আইইডিসিআর পরিচালককে মারধর: সেই চিকিৎসকের সদস্য পদ স্থগিত করল ড্যাব
একইসঙ্গে তাকে কারণ দর্শানোরও নোটিস দেওয়া হয়েছে।
রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) কার্যালয়ে ঢুকে পরিচালককে মারধরের ঘটনায় চিকিৎসক জাহিদ হাসানের প্রাথমিক সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করেছে বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।
একইসঙ্গে তাকে কারণ দর্শানোরও নোটিস দেওয়া হয়েছে। বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ড্যাব সভাপতি অধ্যাপক হারুন আল রশিদ।
অভিযুক্ত ডা. জাহিদ হাসান ড্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-আইন বিষয়ক সম্পাদক ছিলেন।
ড্যাব মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল স্বাক্ষরিত কারণ দর্শানোর নোটিসে বলা হয়, বুধবার সকালে আইইডিসিআর পরিচালকের কক্ষে অপ্রীতিকর ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগের ভিত্তিতে ডা. জাহিদের প্রাথমিক সদস্যপদ স্থগিত করা হয়েছে। তার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না এই মর্মে ডা. জাহিদকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ড্যাব সভাপতি ও মহাসচিব বরাবর যথোপযুক্ত জবাব দিতে হবে।
ঘটনার বিষয়ে জানতে চাইলে ড্যাব সভাপতি অধ্যাপক হারুন আল রশিদ বলেন, “অভিযুক্ত এবং ভুক্তভোগী দুজনই আমাদের সংগঠনের সদস্য। তবে অভিযুক্ত ছেলেটি আইইডিসিআরের একটা প্রজোক্টে কাজ করত। সম্প্রতি তার চাকরি চলে গেছে। এটা অথবা অন্য স্বার্থ সংশ্লিষ্ট কোনো বিষয় এই ঘটনার ভিতরে আছে কিনা সেটি জানা নেই।
“মারধরের বিষয়টি আমরা আমলে নিয়ে অভিযুক্তের সদস্য পদ প্রাথমিক ভাবে স্থগিত করা হয়েছে। ঘটনার তদন্ত সাপেক্ষে বাকি ব্যবস্থা দ্রুতই নেওয়া হবে।”
আইইডিসিআর পরিচালককে নিজ কক্ষে ঢুকে মারধর, অভিযোগ ড্যাবের বিরুদ্ধে
