১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মানিকগঞ্জে কৃষিজমির মাটি কাটায় কারাদণ্ড, ২ এস্কেভেটর অকেজো

এছাড়া ট্রলি চালক সাগর ও ফয়সালকে পাঁচ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2026, 04:53 PM

Updated : 26 Aug 2026, 03:03 PM

মানিকগঞ্জের সিংগাইরে অবৈধভাবে কৃষিজমির টপ সয়েল বা মাটি কাটার অভিযোগে এক জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অকেজো করা হয়েছে দুটি এস্কেভেটর। 

শনিবার রাত ৯টা থেকে মধ্য রাত পর্যন্ত বায়রা, শায়েস্তা ও চান্দহর ইউনিয়নে এসব অভিযান চালানো হয় বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুন্নাহার। 

ইউএনও বলেন, অভিযানকালে বায়রা ইউনিয়নের গারাদিয়া ও শায়েস্তা ইউনিয়নের গোপালনগর এলাকায় অবৈধভাবে মাটি কাটার দায়ে দুটি এস্কেভেটর অকেজো করা হয়। 

পরে গোপালনগর গ্রামে কৃষিজমির মাটি কাটার সময় মাটি পরিবহনে ব্যবহৃত দুটি ট্রলিসহ তিনজনকে আটক করা হয়। 

তারা হলেন- গোপালনগর গ্রামের হারুনুর রশিদের ছেলে রোমান মৃধা, আজিমপুর মহল্লার চাননিয়ার ছেলে সাগর এবং কাঞ্চননগর গ্রামের জাহাঙ্গীরের ছেলে ফয়সাল।

পরে ভ্রাম্যমাণ আদালতে রোমান মৃধাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া ট্রলি চালক সাগর ও ফয়সালকে পাঁচ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযানে সহযোগিতা করেন পুলিশ, আনসার ও গ্রাম পুলিশ সদস্যরা। উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হাবেল উদ্দিন, সিংগাইর থানার ওসি মো. মাজহারুল ইসলাম এবং উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা। 

ইউএনও খায়রুন্নাহার আরও বলেন, কৃষিজমি রক্ষা ও অবৈধ মাটি কাটা বন্ধে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন 

মানিকগঞ্জে কৃষি জমির টপসয়েল কাটায় লাখ টাকা জরিমানা

লক্ষ্মীপুরে কৃষি জমির মাটি কাটার দায়ে ৮ লাখ টাকা জরিমানা

সিরাজগঞ্জে কৃষিজমির 'টপসয়েল' কেটে বিক্রি, ১৪ জনের কারাদণ্ড