Published : 25 Feb 2026, 03:10 PM
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় কৃষিজমির টপসয়েল (উপরিভাগের মাটি) কেটে বিক্রি করার দায়ে ১৪ জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় সাতটি ডাম্প ট্রাক জব্দ করা হয়।
বুধবার সকালে সহকারী কমিশনার (ভূমি) মাসুদ রানার ভ্রাম্যমাণ আদালত তাদের কারাদণ্ড দেন। এর আগে মঙ্গলবার রাতভর উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়।
সহকারী কমিশনার (ভূমি) মাসুদ রানা বলেন, “ভ্রাম্যমাণ আদালতে ১২ জনকে দুই মাস করে, একজনকে চার মাস ও একজনকে এক মাস করে মোট ১৪ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় মাটি পরিবহনের কাজে ব্যবহৃত নম্বর প্লেটবিহীন ছয়টিসহ মোট সাতটি ডাম্প ট্রাক জব্দ করা হয়।”

দণ্ডিতরা হলেন- রায়গঞ্জ উপজেলার চন্দন বসাক, মো. রহমাতুল্লাহ, মো. শাহীন, শাহাদাত হোসেন, আবু তাহের, শামীম শেখ, খলিল মণ্ডল, আইয়ুব আলী, রাসেল হোসেন, মো. নাসিম, মো. আব্দুল খালেক, তাড়াশ উপজেলার সুশান্ত কুমার সিং ও মো. আসলাম এবং উল্লাপাড়া উপজেলার মেরাজুল ইসলাম।
সহকারী কমিশনার (ভূমি) মাসুদ বলেন, “কৃষি জমির টপসয়েল কেটে বিক্রি করা আইনত অপরাধ। দণ্ডিতদের থানা পুলিশের মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে। ট্রাকগুলো থানা হেফাজতে রয়েছে।”
কৃষিজমির উর্বরতা রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।