ময়মনসিংহে শাবলের আঘাতে ৯০ বছরের বৃদ্ধা খুন
এ ঘটনায় অন্তঃসত্ত্বা এক নারীকে আটক করেছে পুলিশ।
ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় শাবলের আঘাতে ৯০ বছরের এক বৃদ্ধাকে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। এ ঘটনায় অন্তঃসত্ত্বা এক নারীকে আটক করেছে পুলিশ।
সোমবার বিকাল ৪টার দিকে উপজেলার সহনাটি ইউনিয়নের ভালুকাপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান গৌরীপুর থানার ওসি সুমন চন্দ্র রায়।
নিহত ফুলজান বিবি ওই এলাকার প্রয়াত আব্দুল জাব্বারের স্ত্রী। আটক মোছা. সাবিকুন্নাহার টুনি (২৫) একই এলাকার বাসিন্দা।
গৌরীপুর থানার এসআই মো. জাহাঙ্গীর আলম বলেন, “প্রতিবেশীর ঘরে ডেকে নিয়ে ওই বৃদ্ধাকে শাবল দিয়ে আঘাত করে খুন করা হয়েছে। তবে কী কারণে তাকে খুন করা হয়েছে তা জানা যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।”
ঘটনাস্থলে পরিদর্শনে গিয়ে ওসি সুমন চন্দ্র রায় বলেন, “এ ঘটনায় এক নারীকে আটক করা হয়েছে। তবে কী কারণে এই হত্যাকাণ্ড তা জানা যায়নি। আটক নারী ছয় মাসের অন্তঃসত্ত্বা।”
