২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দেওয়ানগঞ্জে পরাজিত কাউন্সিলর প্রার্থীর বাড়িতে হামলা

ভোটের ফলাফল ঘোষণার পর পরাজিত এক প্রার্থীর সমর্থকরা দেশি অস্ত্র নিয়ে আরেক পরাজিতের বসতবাড়িতে হামলা চালায়।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2022, 01:19 AM

Updated : 28 Jul 2022, 01:19 AM

জামালপুরের দেওয়ানগঞ্জে পৌর নির্বাচনের ফলাফল ঘোষণার পর পরাজিত এক কাউন্সিলর প্রার্থীর বাড়িতে হামলার অভিযোগ উঠেছে পরাজিত আরেক প্রার্থীর সমর্থকের বিরুদ্ধে।

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পৌরসভার মালিপাড়া গ্রামে এই সহিংসতার ঘটনা ঘটে বলে দেওয়ানগঞ্জ থানার ওসি মহব্বত কবির জানান।

পরাজিত প্রার্থী জ্যোতির্ময় চন্দ নারুর অভিযোগ, নির্বাচনের ফলাফল ঘোষণার পর পরাজিত আরেক প্রার্থী দেশি অস্ত্র নিয়ে তার বসতবাড়িতে হামলা করেছে। হামলাকারীরা বাড়ির মহিলাদের গালিগালাজ করেছে।

জ্যোতির্ময় চন্দের অভিযোগ, তিনি ও তার আত্মীয় অঞ্জন সাহা বাড়ির মহিলাদের বাঁচাতে গিয়ে আহত হয়েছেন।

তারা দুজনই প্রাথমিক চিকিৎসা নিয়েছে। জাতীয় জরুরি ফোন নম্বর ৯৯৯ এ ফোন দিলে দেওয়ানগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে তিনি জানান।

ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী জ্যোতির্ময় চন্দ নারু দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি জিতেন্দ মোহন চন্দের ছেলে এবং অঞ্জন সাহা স্থানীয় বীর মুক্তিযোদ্ধা অলক সাহার ছেলে।

দেওয়ানগঞ্জ থানার ওসি মহব্বত কবির জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার দেওয়ানগঞ্জ পৌরসভা নির্বাচনে ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে টেবিল ল্যাম্প প্রতীকে ৪৩১ ভোট পেয়ে পরাজিত হন মালিপাড়া গ্রামের জ্যোতির্ময় চন্দ নারু এবং একই গ্রামের খালেকুজ্জামান খোকন ব্ল্যাকবোর্ড প্রতীকে ৩২০ ভোট পেয়ে পরাজিত হন।