২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে ব্যবসায়ীকে ‘কুপিয়ে লাখ টাকা ছিনতাই’

ওই ব্যবসায়ীর সঙ্গে থাকা অপর একজনকে পিটিয়ে আহত করা হয়।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2023, 12:59 PM

Updated : 26 Jun 2023, 12:59 PM

নাটোরের গুরুদাসপুরে এক ব্যবসায়ীকে কুপিয়ে এক লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।

গুরুদাসপুর থানার এসআই মো. মাজাহারুল ইসলাম বলেন, রোববার রাত ১০টার দিকে উপজেলার হাসমারী এলাকায় এ ঘটনা ঘটে।

ওই ব্যবসায়ীর সঙ্গে থাকা অপর একজনকে পিটিয়ে আহত করা হয় বলে জানায় পুলিশ।

ছিনতাইয়ের শিকার বিপ্লব হোসেন হাসমারী গ্রামের প্রয়াত ইন্তাজ সরদারের এবং তার সঙ্গে থাকা খোরশেদ একই এলাকার প্রয়াত মনিরুদ্দিন সরদারের ছেলে।

বিপ্লব বলেন, “উপজেলার কাছিকাটা বিশ্বরোড মোড়ের ওয়ালটনের শোরুম থেকে ১ লাখ টাকা নিয়ে প্রতিবেশি খোরশেদসহ মোটরসাইকেলে বাড়ি ফিরছিলাম। হাসমারি গ্যাস পাম্পের কাছে পৌঁছলে চার থেকে পাঁচ জন ছিনতাইকারী আমাদের পথরোধ করে। মোটরসাইকেলটি থামানোর পরপরই দুর্বৃত্তরা আমাদের মারধর শুরু করে।”

তিনি আরও বলেন, “ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে আমার শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে ১ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। ওদের মারধরে খোরশেদ সরকারও আহত হয়েছেন। পরে স্থানীয়রা আমাদের দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।“  

এ বিষয়ে জানতে চাইলে গুরুদাসপুর থানার এসআই মাজাহারুল বলেন, “খবর পাওয়া মাত্রই পুলিশ গিয়ে আহতদের কাছ থেকে তথ্য নিয়ে অপরাধীদের ধরতে অভিযান শুরু করে।“

আহতদের বরাত দিয়ে ওই পুলিশ কর্মকর্তা বলেন, “যারা ছিনতাইকারী ছিল তারা আশপাশের এলাকারই, ছিনতাইকারীদের কথায় সেটা তারা বুঝতে পেরেছে। তবে কাউকে চিনতে পারেননি তারা। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।“