১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

খাগড়াছড়িতে সেতুর পাটাতন দেবে দীঘিনালা-লংগদু সড়কে যান চলাচল বন্ধ

“পাথর সরিয়ে নেওয়ার পর ট্রাকটি উদ্ধার করা হবে। এরপর ব্রিজ মেরামতের কাজ শুরু হবে।”

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2026, 12:43 PM

Updated : 26 Aug 2026, 03:31 PM

খগড়াছড়ি জেলা সদরের সঙ্গে রাঙামাটির লংগদু উপজেলার সংযোগকারী সড়কের গুরুত্বপূর্ণ বেইলি সেতুর পাটাতন দেবে যাওয়ায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।

বুধবার রাত ১০টা থেকে লংগদুর সঙ্গে খাগড়াছড়ি জেলা শহর এবং ঢাকাসহ সারাদেশের যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ রয়েছে।

স্থানীয়রা বলছে, দীঘিনালা-লংগদু সড়কের চৌমুহনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। অতিরিক্ত পাথর বোঝাই ট্রাক চলাচলের কারণে বেইলি ব্রিজের পাটাতন দেবে যায়।

তবে পাশের আরেকটি বিকল্প ব্রিজ দিয়ে ইজিবাইক, মোটরসাইকেল ও পিকআপ ভ্যান চলাচল করছে।

স্থানীয় দোকান মালিক বিটু চন্দ্র নাথ বলেন, “বুধবার বিকাল থেকে ব্রিজের পাটাতন নড়বড়ে ছিল।

“রাতের ১০টার দিকে পাথর বোঝাই ট্রাকের ভাড়ে পাটাতন ভেঙে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।”

সড়কে চলাচলকারী আব্দুল খালেক নামের এক ব্যক্তি বলেছেন, “এখানে সেতু নির্মাণ করা হবে। সেজন্য একটা ডাইভারশন সড়ক ও ব্রিজ তৈরি করা হয়েছে। সেটা দিয়ে এখন হালকা যানবাহন চলাচল করছে।

“তবে অনেকগুলো ট্রাক ও বাস এখন আটকে আছে। ভারী যানবাহন চলাচল বন্ধ রেখেছে।”

সেতুটি মেরামতের প্রসঙ্গে জানতে চাইলে খাগড়াছড়ি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) সবুজ চাকমা বলেন, “পাথর সরিয়ে নেওয়ার পর ট্রাকটি উদ্ধার করা হবে। এরপর ব্রিজ মেরামতের কাজ শুরু হবে।” 

বৃহস্পতিবারের মধ্যে ব্রিজটির মেরামত কাজ শেষ করার চেষ্টা চলছে বলে জানান এ প্রকৌশলী।