নির্বাচনের সঙ্গে দেশের ভাবমূর্তি ও আন্তর্জাতিক অবস্থান জড়িত: নির্বাচন কমিশনার
“সুষ্ঠু ও নিরপেক্ষ গণতান্ত্রিক অনুশীলন নিশ্চিত করা গেলে অতীতে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি হতো না।”
নির্বাচন শুধুই রাজনৈতিক প্রক্রিয়া নয়, দেশের ভাবমূর্তি, অর্থনীতি ও আন্তর্জাতিক অবস্থানের সঙ্গেও যুক্ত বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।
সোমবার দুপুরে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিলেন্স ও অবজারভেশন টিমের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ইসি সানাউল্লাহ বলেন, “আসন্ন নির্বাচন জাতির ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনের ওপর নির্ভর করছে দেশের গণতান্ত্রিক ভাবমূর্তি, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর মর্যাদা এবং বিশ্ব দরবারে বাংলাদেশের অবস্থান।
“একই সঙ্গে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থানও এই নির্বাচনের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত।”
তিনি বলেন, “সুষ্ঠু ও নিরপেক্ষ গণতান্ত্রিক অনুশীলন নিশ্চিত করা গেলে অতীতে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি হতো না। নির্বাচন কমিশন কোনোভাবেই সেই ধরনের ঘটনার পুনরাবৃত্তি দেখতে চায় না।
“সরকার বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো ধরনের চাপ, প্রভাব কিংবা একতরফা নির্দেশনা দেওয়া হবে না।”
একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে আইনশৃঙ্খলা বাহিনীকে পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান নির্বাচন কমিশনার সানাউল্লাহ।
চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ নাজমুল ইসলাম সরকারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
