ফুলবাড়ী কয়লাখনি নিয়ে ছয় দফা চুক্তি বাস্তবায়িত হয়নি ১৬ বছরেও
২০০৬ সালের ২৬ অগাস্ট ফুলবাড়িতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা খনি প্রকল্প বাতিলের দাবির আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন তিনজন।
দিনাজপুরের ফুলবাড়ীতে কয়লাখনি বিরোধী জনতার ওপর গুলিবর্ষণ ও হতাহতের পরিপ্রেক্ষিতে সেসময় করা ছয় দফা সমঝোতা চুক্তির বাস্তবায়ন ১৬ বছরেও হয়নি।
২০০৬ সালের ২৬ অগাস্ট আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে তিনজন নিহত ও দুই শতাধিক আহত হন। এরপর থেকে দিনটি ‘ফুলবাড়ী দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে।
দিনটি পালনোপলক্ষে শুক্রবার দিনাজপুরের ছোট যমুনা ব্রিজ সংলগ্ন শহীদ বেদি চত্বরে সমাবেশ আয়োজন করা হয়।
এ আগে সেখানে গড়ে ওঠা শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য ও এলাকাবাসী।
শহীদ বেদিতে আয়োজিত অনুষ্ঠানে তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদ বলেন, উন্মুক্ত পদ্ধতিতে যারা কয়লা তুলতে এখনও চক্রান্ত করছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই বাংলাদেশের মানুষের সর্বনাশ করে কোনোভাবেই কয়লাখনি করতে দেওয়া হবে না।
তিনি বলেন, তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেসময় ফুলবাড়ী এসে বলেছিলেন ছয় দফা চুক্তি বাস্তবায়ন না করলে পরিস্থিতি ভয়াবহ হবে। কিন্ত বর্তমানে তারা ক্ষমতায় থাকলেও এখন পর্যন্ত সেই চুক্তির বাস্তবায়ন হয়নি।
সকাল ১১টায় ফুলবাড়ী ছোট যমুনা ব্রিজ সংলগ্ন শহীদ বেদি চত্বরে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় কমিটির উপজেলা শাখা আহ্বায়ক সৈয়দ সাইফুল ইসলাম জুয়েল।
বক্তব্য রাখেন বাংলাদেশ ইউনাইটেড কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য মোশাররফ হোসেন নান্নু, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য মোসাদ্দেক হোসেন লাবু, গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টামণ্ডলীর সদস্য নাজার আহম্মেদ প্রমুখ।
এর আগে সকালে তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি, আমরা ফুলবাড়ীবাসীসহ বিভিন্ন সংগঠনের ব্যানারে ২৬ অগাস্টে নিহতদের স্মরণে পৌরশহরে শোক র্যালি ও শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
২০০৬ সালের এই দিনে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা খনি প্রকল্প বাতিলের দাবিতে কয়েক হাজার মানুষের বিক্ষোভ মিছিল এশিয়া এনার্জির অফিস অভিমুখে যাওয়ার পথে ফুলবাড়ীর নিমতলা মোড়ে বাধা দেয় পুলিশসহ তৎকালীন বিডিআর।
এরপরও জনতার মিছিল প্রতিরোধ ভেঙে এগিয়ে চললে গুলিবর্ষণ করা হয়। এতে নিহত হয় আল আমিন, সালেকীন ও তরিকুল নামে তিন যুবক। গুলি, টিয়ার সেল ও রাবার বুলেটের আঘাতে আহত হন ২ শতাধিক মানুষ।
টানা চার দিনের গণ আন্দোলনের মুখে ৩০ অগাস্ট তৎকালীন সরকার ফুলবাড়ীবাসীর সঙ্গে ৬ দফা শর্তে সমঝোতা চুক্তি করে, যা ‘ফুলবাড়ী ৬ দফা চুক্তি’ বলে পরিচিত। এরপর থেকে এই দিনটিকে ফুলবাড়ীবাসী ও আন্দোলনকারী সংগঠন তেল-গ্যাস-খনিজসম্পদ ও বিদুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি ‘ফুলবাড়ী দিবস’ হিসেবে পালন করে।
এই ঘটনার পর তৎকালীন বিএনপি-জামায়াত সরকার ফুলবাড়ীবাসীর সঙ্গে ছয় দফা সমঝোতা চুক্তি স্বাক্ষর করে।
ছয়দফা চুক্তির মধ্যে ছিল এশিয়া এনার্জিকে ফুলবাড়ী ও দেশ থেকে বহিষ্কার, উন্মুক্ত পদ্ধতির কয়লাখনি ফুলবাড়ীসহ দেশের কোথাও না করা, পুলিশ-বিডিআরের গুলিতে নিহতের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান, আহতদের প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা, গুলি বর্ষণসহ হতাহতের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত কমিটি গঠন, শহীদের স্মৃতিসৌধ নির্মাণসহ এশিয়া এনার্জির দালালদের গ্রেপ্তারসহ শাস্তি প্রদান, আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা সকল মামলা প্রত্যাহার এবং নতুন করে মামলা না করা।
ওই দিনের পর থেকে প্রতিবছর ২৬ অগাস্ট দিনটিকে ফুলবাড়ীবাসী ও আন্দোলনকারী সংগঠন তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি ‘ফুলবাড়ী দিবস’ হিসেবে পালন করছে। এছাড়া স্থানীয়ভাবে গড়ে ওঠা সম্মিলিত পেশাজীবী সংগঠন দিনটিকে ‘ফুলবাড়ী শোক দিবস’ ঘোষণা করে।
