৪ নেতা খুন: পানছড়ি বাজার বর্জনের সময় বাড়াল ইউপিডিএফ
অপরাধীদের দ্রুত গ্রেপ্তার না করলে কর্মসূচির মেয়াদ আরও বাড়ানোর হুঁশিয়ারি।
দলের ৪ নেতাকে হত্যার প্রতিবাদে খাগড়াছড়ির পানছড়ি বাজার বর্জন কর্মসূচির মেয়াদ এক মাস বাড়িয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।
পার্বত্য চট্টগ্রামভিত্তিক এ আঞ্চলিক রাজনৈতিক দলের প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমা শুক্রবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দিয়েছেন।
গত ১১ ডিসেম্বর গভীর রাতে পানছড়ির লোগাং ইউনিয়নের দুর্গম অনিল পাড়ায় গুলিতে পাহাড়ি ছাত্র পরিষদ পিসিপির সাবেক কেন্দ্রীয় সভাপতি ও গণতান্ত্রিক যুব ফোরামের সাংগঠনিক সম্পাদক বিপুল চাকমা, পিসিপির কেন্দ্রীয় সহ-সভাপতি সুনীল ত্রিপুরা, গণতান্ত্রিক যুব ফোরাম লিটন চাকমা ও ইউপিডিএফ সদস্য রুহিন বিকাশ ত্রিপুরা নিহত হন।
এ ঘটনার জন্য গণতান্ত্রিক ইউপিডিএফ’কে দায়ী করা হলেও তারা তা অস্বীকার করে আসছে। ঘটনার পর হরতাল, সড়ক অবরোধের পাশাপাশি ১২ ডিসেম্বর থেকে এক মাসের জন্য পানছড়ি বাজার বর্জনের ঘোষণা দিয়েছিল ইউপিডিএফ।
আঞ্চলিক রাজনৈতিক দলটি এখন বলছে, “হত্যাকাণ্ডের ঘটনার এক মাস পরও খুনিদের গ্রেপ্তার করা হয়নি। একারণে বাজার বয়কটের সিন্ধান্ত বাড়িয়ে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়েছে।”
অপরাধীদের দ্রুত গ্রেপ্তার না করলে এই কর্মসূচির মেয়াদ আরও বাড়ানো হবে বলে হুঁশিয়ার উচ্চারণ করা হয় বিজ্ঞপ্তিতে।
আরও পড়ুন:
