২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদালতে ব্লেড নিয়ে কনস্টেবলের ওপর চড়াও, স্বামী-স্ত্রী আটক

পুলিশ সদস্যের বাঁচাও বাঁচাও চিৎকারে আদালতের কার্যক্রম বন্ধ হয়ে যায়।

আদালতে ব্লেড নিয়ে কনস্টেবলের ওপর চড়াও, স্বামী-স্ত্রী আটক

মো. জালাল হোসেন

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2022, 06:36 PM

Updated : 12 Dec 2022, 08:03 PM

মুন্সীগঞ্জে আদালতে শুনানি চলাকালে বহিরাগতের ব্লেডের আঘাতে এক কনস্টেবল জখম হয়েছেন।

সোমবার দুপুর দেড়টার দিকে মুন্সীগঞ্জ জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের তৃতীয় তলার এজলাস কক্ষে এ ঘটনা ঘটে বলে আদালত পুলিশের পরিদর্শক জামাল হোসেন জানান।

কনস্টেবল মোহাম্মদ আলী (৫৫) আদালতে দায়িত্ব পালন করছিলেন। তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় জড়িত অভিযোগে মো. জালাল হোসেন (৫৭) নামের এক ব্যক্তি ও তার স্ত্রীকে (৪৫) আটক করা হয়েছে।

আদালত পুলিশের পরিদর্শক বলেন, দুপুরে জ্যেষ্ঠ বিচারিক হাকিম রোকেয়া রহমানের আদালতে একটি মামলার শুনানি চলছিল। কনস্টেবল মোহাম্মদ আলী সেখানে দায়িত্ব পালন করছিলেন। এ সময় জালাল হোসেন হঠাৎ এজলাস কক্ষে ঢুকে ধারালো ব্লেড নিয়ে মোহাম্মদ আলীর ওপর চড়াও হন। মোহাম্মদ আলী আত্মরক্ষার চেষ্টা চালান। তবে ব্লেডের আঘাতে তার পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। আক্রান্ত পুলিশ সদস্যের বাঁচাও বাঁচাও চিৎকারে আদালতের কার্যক্রম বন্ধ হয়ে যায়। আইনজীবীসহ উপস্থিত সবাই মোহাম্মদ আলীকে রক্ষায় এগিয়ে যান।

“এ ঘটনায় পুলিশ জালালকে ব্লেডসহ আটক করেছে। জালালের সঙ্গে থাকা স্ত্রী (৪৫) পালিয়ে যাওয়ার সময় তাকেও আটক করা হয়।”

আদালত পুলিশের পরিদর্শক জামাল হোসেন আরও জানান, জালাল বা তার স্ত্রী কোনো মামলার আসামি নন, বাদীও নন। কী কারণে জালাল এ ঘটনা ঘটিয়েছেন তা জানতে তদন্ত চলছে।

সিআইডির একটি দল ঘটনার তদন্ত শুরু করেছে বলেও আদালত পুলিশের এ কর্মকর্তা জানান।