বরিশালে স্কুলছাত্র হত্যা মামলায় যাবজ্জীবন দণ্ডিত যুবক গ্রেপ্তার
যুবককে গ্রেপ্তারের সময় ধস্তাধস্তিতে আহত হয়েছেন এসআইসহ পুলিশের দুই কনস্টেবল।
বরিশালের গৌরনদীতে স্কুলছাত্র হত্যা মামলায় যাবজ্জীবন দণ্ডিত পলাতক এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে; এ সময় ধস্তাধস্তিতে আহত হয়েছেন এসআইসহ পুলিশের দুই কনস্টেবল।
সোমবার রাতে আগৈলঝাড়া উপজেলার একটি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. হেলালউদ্দিন জানান।
গ্রেপ্তার কার্তিক চন্দ্র ভক্ত (৩৫) গৌরনদী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সুন্দরদী মহল্লার মথুরা ভক্তর ছেলে। তিনি সুন্দরদী মহল্লার ব্যবসায়ী কৃষ্ণ দাসের ছেলে অষ্টম শ্রেণির ছাত্র রানা দাস হত্যা মামলায় যাবজ্জীবন দণ্ডিত আসামি।
মঙ্গলবার আদালতের মাধ্যমে কার্তিককে কারাগারে পাঠানো হয়েছে বলে গৌরনদী মডেল থানার এসআই মো. সাহাবউদ্দিন জানান।
[ প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ৫ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]
